WB Teachers: জিপিএফে বড় স্বস্তি শিক্ষকদের, বদলির সঙ্গে সঙ্গেই ফান্ড ট্রান্সফার বাধ্যতামূলক

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: শিক্ষক ও শিক্ষাকর্মীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে জেনারেল প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত ব্যবস্থায় বড় পরিবর্তন আনল রাজ্যের স্কুলশিক্ষা দফতর। এখন থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জিপিএফ সংক্রান্ত একাধিক কাজ অনলাইনের মাধ্যমেই সম্পন্ন করা যাবে। এর ফলে বদলি, বিভাগ পরিবর্তন বা অবসর সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসন।

আরও পড়ুন:Blood Pressure Control: শীতকালে কেন বাড়ে রক্তচাপ? চিকিৎসকদের রক্তচাপ নিয়ে সতর্কতা

১৯৮৫ সাল থেকে শিক্ষক-শিক্ষিকাদের জন্য জিপিএফ চালু হলেও, ১৯৯৫ সালের একটি সরকারি বিজ্ঞপ্তির কারণে সমস্যা তৈরি হয়। ২৬ সেপ্টেম্বর ১৯৯৫-এ জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছিল, জিপিএফ-এর জমা টাকার উপর সর্বোচ্চ ছ’মাস পর্যন্তই সুদ দেওয়া হবে। এর ফলে কোনও শিক্ষক এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি হলে বা কোনও শিক্ষাকর্মীর বিভাগ পরিবর্তন হলে তাঁদের প্রভিডেন্ট ফান্ডের সুদ পাওয়া নিয়ে চরম অসুবিধার মুখে পড়তে হত। বহু ক্ষেত্রেই দীর্ঘদিন সুদ না পাওয়ার অভিযোগ উঠেছিল। এই জটিলতার সূত্র ধরে প্রায় তিন দশক ধরে বিভিন্ন শিক্ষক সংগঠন আন্দোলন ও দাবি জানিয়ে এসেছে। অবশেষে সেই পুরনো নিয়মে সংশোধন এনে সমস্যার সমাধানের পথে হাঁটল শিক্ষা দফতর। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেহেতু জিপিএফ সংক্রান্ত পুরো প্রক্রিয়াই এখন অনলাইন, তাই কোনও কর্মীর বদলির সঙ্গে সঙ্গেই তাঁর জিপিএফ ট্রান্সফারের কাজ সম্পন্ন করতে হবে। বিষয়টি আর দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যাবে না।

নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, যে মাসে কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর বদলি হবে, তার ঠিক আগের মাস পর্যন্ত জমা হওয়া সম্পূর্ণ টাকা এবং সুদ-সহ জিপিএফ ট্রান্সফারের প্রক্রিয়া স্কুল কর্তৃপক্ষকে শেষ করতে হবে। এর ফলে সুদ সংক্রান্ত অনিশ্চয়তা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, ১৯৯৬ সাল থেকে জিপিএফ ট্রান্সফার ও সুদ দেওয়া নিয়ে যে জটিলতা চলছিল, তা নিয়ে তাঁরা বারবার শিক্ষা ও অর্থ দফতরের কাছে দাবি জানিয়েছিলেন। এই সিদ্ধান্তে বহু শিক্ষক ও শিক্ষাকর্মী উপকৃত হবেন বলে তিনি আশাবাদী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তবে শিক্ষকদের একাংশের মত, অতীতে যাঁরা নিয়মের খামতির কারণে সুদ থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের বিষয়েও সরকারকে আলাদা করে ভাবতে হবে। নতুন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনলাইনে জিপিএফ ঋণের আবেদন, অবসরের আগে জমা টাকা তোলার পদ্ধতি এবং অবসরের পরে জিপিএফ প্রাপ্তির সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়েছে।