নিউজ পোল ব্যুরো: এনডিএ জোটের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী (Vice-Presidential Candidate) ঘোষণা করা হয়েছে রবিবার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে(CP Radhakrishnan) সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তবে সেই আহ্বানকে উপেক্ষা করেই মঙ্গলবার বিরোধী ইন্ডিয়া জোট তাদের নিজস্ব মনোনীত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক সুদর্শন রেড্ডিকে (former Supreme Court judge Sudershan Reddy) প্রার্থী করেছে।
অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনেও হবে লড়াই। সুপ্রিম কোর্টে পদোন্নতির আগে, প্রাক্তন বিচারক সুদর্শন রেড্ডি গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্ধ্র প্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০১১ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন। বিরোধী দলের যৌথ প্রার্থী ঘোষণা করে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেন, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন একটি আদর্শিক লড়াই। তাঁর কথায়, “সমস্ত বিরোধী দলই একমত। গণতান্ত্রিক মূল্যবোধ আক্রমণের মুখে।” এদিন খাড়গে ইন্ডি জোটের মনোনীত প্রার্থীর যোগ্যতা তুলে ধরে বলেন, “তিনি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচারের একজন সমর্থক ছিলেন।”
আরও পড়ুন: Narendra Modi: উপরাষ্ট্রপতি নির্বাচনে ঐক্য কাম্য, বিরোধীদের প্রতি প্রধানমন্ত্রীর আবেদন
মল্লিকার্জুন খাড়গে প্রার্থী প্রসঙ্গে বলেছেন, “তিনি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারের একজন ধারাবাহিক এবং সাহসী সমর্থক ছিলেন। তিনি একজন দরিদ্র মানুষ, এবং অনেক রায় পড়লে আপনি জানতে পারবেন যে তিনি কীভাবে দরিদ্র জনগণের পক্ষে ছিলেন এবং সংবিধান এবং মৌলিক অধিকার রক্ষা করেছিলেন।” অন্যদিকে আসন্ন নির্বাচন সম্পর্কে আত্মবিশ্বাস প্রকাশ করে রেড্ডি সংবাদমাধ্যমকে বলেন যে, বিরোধী দলের প্রার্থী হিসেবে তিনি ভারতের ৬০% প্রতিনিধিত্ব করেন। সূত্রের মতে, অন্ধ্রপ্রদেশে এনডিএ মিত্রদের উপর চাপ সৃষ্টির জন্য বিরোধীরা বিচারপতি রেড্ডিকে বেছে নিয়েছে।
