নিউজ পোল ব্যুরো:কলকাতা ফের সাক্ষী রইল চাকরিপ্রার্থীদের আন্দোলনের। মঙ্গলবার সকাল থেকে করুণাময়ী মোড়ে জমায়েত করেছিলেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা। প্রাথমিকে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে তাঁদের এদিনের কর্মসূচি ছিল পর্যদ অফিস অভিযান। সকাল থেকেই করুণাময়ীতে ভিড় বাড়তে থাকে। বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার চাকরিপ্রার্থী ব্যানার প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলতে শুরু করেন।

কিন্তু আন্দোলন জমতে না জমতেই শুরু হয় পুলিশের ধরপাকড়। করুণাময়ী মেট্রো স্টেশনের বাইরে থেকেই পুলিশি বাধা তৈরি হয়। একে একে কর্মীদের ঘিরে ফেলে তাঁদের চ্যাংদোলা করে গাড়িতে তোলা হয়। কয়েক মিনিটের মধ্যেই এলাকা জুড়ে তৈরি হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। বহু চাকরিপ্রার্থী অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলন সত্ত্বেও তাঁদের হেনস্তা করা হয়েছে।
২০২২ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণরা দীর্ঘদিন ধরেই নিয়োগের দাবিতে আন্দোলন করছেন। তাঁদের বক্তব্য, সরকারি স্কুলে এখনও বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে, অথচ নিয়োগ প্রক্রিয়া বারবার বিলম্বিত হচ্ছে। বহু প্রার্থী বয়সসীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন। এদিনের অভিযানে অংশগ্রহণকারী এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা পড়াশোনা করে যোগ্যতা প্রমাণ করেছি। এখন সরকার আমাদের ন্যায্য দাবি পূরণ করুক।”
অন্যদিকে, পুলিশের দাবি, মেট্রো স্টেশন ও আশপাশের গুরুত্বপূর্ণ রাস্তায় জমায়েতের কারণে যাত্রী ও যান চলাচলে সমস্যা হচ্ছিল। তাই আইনশৃঙ্খলার স্বার্থে তাঁদের সরানো হয়েছে।

রাজপথে এই ধরনের ধুন্ধুমারকাণ্ড নতুন নয়। গত কয়েক মাস ধরেই রাজ্যে নিয়োগ নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলনের আগুন জ্বলছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও নিয়োগপত্র বিতরণে বিলম্ব, প্রত্যেক ক্ষেত্রেই ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা পথে নেমেছেন।

মঙ্গলবারের ঘটনায় ফের একবার স্পষ্ট হলো, নিয়োগ নিয়ে সরকার ও চাকরিপ্রার্থীদের সংঘাত থামার লক্ষণ নেই। বরং দিন দিন আন্দোলনের রূপ আরও বিস্তৃত হচ্ছে, যার ফলস্বরূপ রাজপথ বারবার অশান্ত হয়ে উঠছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
