নিউজ পোল ব্যুরো: নতুন করে উত্তপ্ত দেশের রাজনৈতিক আবহ। ভোট চুরি নিয়ে এবার সুর আরও চড়ালেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাফ জানিয়ে দিলেন, ক্ষমতায় এলে নির্বাচন কমিশনের (Election Commission) তিন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বিহারের গয়ায় ‘ভোটাধিকার যাত্রা’র মঞ্চ থেকে বিজেপি ও কমিশনের দিকে সরাসরি আক্রমণ শানালেন তিনি। পাশে ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)।
আরও পড়ুন: PM Modi: পূর্ব প্রহরায় প্রধানমন্ত্রীর পদক্ষেপ, সীমান্তে শক্তি বৃদ্ধির রূপরেখা তৈরি হবে কলকাতায়
রাহুলের (Rahul Gandhi) অভিযোগ, নির্বাচন কমিশনের চোখের সামনে ভোট লুট চলছে, অথচ তারা নির্বিকার! তার কথায়, “ভোট চুরি মানে ভারত মাতার আত্মার ওপর আঘাত। নির্বাচন কমিশন একটি বিশেষ প্যাকেজ এনেছে- SIR। এর অর্থ? ‘Systematic Institutionalised Rigging’, অর্থাৎ ভোট চুরির নতুন ঘরানা।”
তিনি (Rahul Gandhi) আরও বলেন, “আমি নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা সব আসনে ভোট চুরির প্রমাণ খুঁজে বের করব। মোদীজি যেমন ‘স্পেশাল প্যাকেজ’ দেন, তেমনই নির্বাচন কমিশনেরও বিহারের (Bihar) জন্য স্পেশাল প্যাকেজ হচ্ছে এই SIR।” সরাসরি নাম করে আক্রমণ শানান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশিকে। রাহুলের স্পষ্ট বার্তা, “আমি যা বলি, করে দেখাই। আজ আপনারা ক্ষমতার সঙ্গে রয়েছেন, বিজেপির হয়ে কাজ করছেন। কিন্তু কাল I.N.D.I.A জোট যখন ক্ষমতায় আসবে, তখন আপনাদের জবাবদিহি করতে হবে। গোটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আপনারা।”
একইসঙ্গে প্রশ্ন তোলেন, কেন শুধু তাকেই হলফনামা দিতে বলা হচ্ছে? বিজেপি (BJP) নেতারাও তো সাংবাদিক সম্মেলনে ভোট সংক্রান্ত মন্তব্য করেছেন! তাহলে তাদের কেন ছাড় দেওয়া হল? রাহুল গান্ধীর এই আক্রমণ নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ময়দানে আলোড়ন ফেলেছে। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হল, আর আগামী দিনে এর প্রভাব পড়তে চলেছে ভোট রাজনীতিতেও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
