Jagdeep Dhankhar: উপরাষ্ট্রপতি থেকে অবসরের পর পেনশনের পথে ধনখড়, কত টাকা পাবেন তিনি?

দেশ

নিউজ পোল ব্যুরো: দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে অবসর নেওয়ার পর, এবার প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) পেনশনের জন্য আবেদন করলেন। তবে কেন্দ্র নয়, তিনি রাজস্থান (Rajasthan) বিধানসভায় বিধায়ক হিসেবে তার প্রাক্তন মেয়াদের জন্য এই আবেদন করেছেন।

আরও পড়ুন: India-Japan: ভারত-জাপান জোটের মহাজাগতিক ‘নীল নকশা’, চাঁদের পথেও যুগ্ম অভিযান, মোদীর সফরে ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা

জানা গেছে, ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের কিষাণগড় আসনের বিধায়ক ছিলেন ধনখড় (Jagdeep Dhankhar)। সেই সময়কার জন্যই বিধানসভা সচিবালয়ে পেনশনের দাবি জানান তিনি। প্রশাসনের পক্ষ থেকে আবেদনটি ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে। নিয়ম অনুযায়ী, তিনি প্রতি মাসে ন্যূনতম ৪২ হাজার টাকা পেনশন পাবেন। পাশাপাশি, প্রাক্তন বিধায়কদের জন্য নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাও মিলবে তার ঝুলিতে।

রাজনৈতিক জীবনের দিকে চোখ রাখলে দেখা যাবে, ধনখড়ের (Jagdeep Dhankhar) পথচলা ছিল বহু স্তরেই বৈচিত্র্যময়। ১৯৮৯-৯১ সালে রাজস্থানের ঝুনঝুনু আসন থেকে লোকসভার সাংসদ ছিলেন তিনি। চন্দ্রশেখর সরকারের সময় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। পরবর্তীকালে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভূমিকায় থেকেছেন। তখনই রাজ্য সরকারের সঙ্গে তার টানাপোড়েন বারবার খবরের শিরোনামে আসে। ২০২২ সালে তিনি দেশের উপরাষ্ট্রপতির আসনে বসেন এবং ২০২৫ সালের জুলাই পর্যন্ত সেই পদে বহাল ছিলেন।

তবে সম্প্রতি, হঠাৎ করেই স্বাস্থ্যগত কারণ (Health Issue) দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। তারপর থেকেই ধনখড়কে আর কোনও প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি। সংবাদমাধ্যমেও এই নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। জানা গেছে, বর্তমানে তিনি পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। নিয়মিত যোগব্যায়াম ও টেবিল টেনিসেও মন দিয়েছেন। অন্যদিকে, তার স্ত্রী একাধিকবার রাজস্থানে ধনখড়ের জমিতে নির্মাণকাজের তদারকিতে গিয়েছেন। এই অবসরের পর নতুন জীবনের পথে এগোচ্ছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। তবে ৯ সেপ্টেম্বর নির্বাচন হবে তার উত্তরসূরি বেছে নিতে, ততদিনে ধনখড় রাজনীতির ব্যস্ততা ছেড়ে হয়তো পেনশনের শান্ত জীবনে অভ্যস্ত হয়ে উঠবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole