Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে ফের সংগঠন, তমলুক ও বারাসত ঘিরে রাজনৈতিক বার্তা স্পষ্ট

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সংসদের কাজকর্ম সামলে ফের রাজনীতির মূল ময়দানে সক্রিয় তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার দিল্লি (Delhi) থেকে ফিরেই মঙ্গলবার ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে বসছেন পূর্ব মেদিনীপুরের তমলুক ও উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে। মূল লক্ষ্য, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দলের ভিত আরও মজবুত করা, পুরনো ক্ষত সারিয়ে সংগঠনের গতি ফিরিয়ে আনা।

আরও পড়ুন: SSC Protest: চাকরি না পাওয়া শিক্ষকদের এসএসসি আন্দোলনের আগেই ধৃত সুমন বিশ্বাস, পুলিশের অভিযান ঘিরে চাঞ্চল্য

তমলুক কেন্দ্র ঘিরে অভিষেকের (Abhishek) এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এই অঞ্চল তৃণমূলের জন্য গত লোকসভা নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ২০২৪-এ তমলুক (Tamluk) লোকসভা আসনে বিজেপির জয়ের পাশাপাশি, জেলার ১৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৩টিতেই পিছিয়ে পড়ে ঘাসফুল শিবির। শুভেন্দু অধিকারীর ‘গড়’ হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীকোন্দল এবং সংগঠনের ছন্দপতন নিয়ে বহু প্রশ্ন উঠেছে। সেই কারণেই সেখানে দলীয় পারফরম্যান্সের ভিত্তিতে অভিষেক এবার কড়া বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার অন্যতম প্রভাবশালী কেন্দ্র বারাসত নিয়েও অভিষেকের বৈঠকে আলাদা গুরুত্ব থাকছে। এলাকাবাসীর নাগরিক পরিষেবা নিয়ে অসন্তোষ, পুরসভা ও বিধায়ক-সাংসদের মধ্যে সমন্বয়ের অভাব— সব মিলিয়ে বারাসতেও তৃণমূলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। ২০২৬-এর আগে এই সমস্ত বিষয় গুছিয়ে নিতে চায় শীর্ষ নেতৃত্ব।

দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও আজকের বৈঠকে উপস্থিত থাকছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এই কৌশলগত পদক্ষেপ তৃণমূলের পরবর্তী লড়াইয়ের রূপরেখা তৈরির প্রথম ধাপ। দলীয় সংগঠনকে মাঠে-ময়দানে ঝালিয়ে নিতে এবার একের পর এক জেলার দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহির মুখে ফেলতে প্রস্তুত অভিষেক — বার্তাটা স্পষ্ট।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole