MBBS Admission: ওবিসি মামলার জটিলতায় বিপাকে ছাত্রছাত্রী, থমকাল মেডিক্যাল ভর্তি

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: রাজ্যে চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ কার্যত অনিশ্চয়তার মুখে। স্থগিত হয়ে গেল এমবিবিএস ও বিডিএস-সহ (ডেন্টাল) কোর্সে ভর্তি প্রক্রিয়া।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ওবিসি সংক্রান্ত মামলার জটিলতার কারণে আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে কাউন্সেলিং। এর ফলে বিপাকে পড়েছেন কয়েক হাজার মেধাবী ছাত্রছাত্রী।জানা গিয়েছে, প্রায় সপ্তাহ দেড়েক আগে রাজ্যে ডাক্তারি ও ডেন্টালের ভর্তির কাউন্সেলিং শুরু হয়েছিল। প্রথম পর্যায়ে ছাত্রছাত্রীরা তাদের পছন্দের কলেজের নাম অনলাইনে জমা দিয়েছিলেন। রবিবার রাতেই শেষ হয় সেই প্রক্রিয়া। নিয়ম অনুযায়ী বুধবার ফল প্রকাশের কথা ছিল। রাজ্যের ৫ হাজারেরও বেশি আসনের জন্য ইতিমধ্যেই ১১ হাজারের মতো ছাত্রছাত্রী যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। কিন্তু ফল ঘোষণার আগেই গোটা প্রক্রিয়াই থমকে গেল।

আরও পড়ুন:Diamond Harbour: পড়ুয়াদের হাতে ঐতিহ্যের পুনর্জন্ম,স্কুলে পুতুলনাচ প্রশিক্ষণ

শিক্ষামহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত বাংলার মেডিক্যাল পড়ুয়াদের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ, দেশের অন্যান্য রাজ্যে এনএমসি-র নির্দেশিকা মেনে একই সময়ে ভর্তি থেকে শুরু করে বার্ষিক পরীক্ষা পর্যন্ত চালানো হয়। কিন্তু পশ্চিমবঙ্গে ভর্তি প্রক্রিয়া আটকে যাওয়ায় সময়ের তুলনায় পিছিয়ে পড়বেন এখানকার পড়ুয়ারা। ফলে অনেক মেধাবী ছাত্রছাত্রী হয়তো অন্য রাজ্যে ভর্তি হতে বাধ্য হবেন।চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, এর ফলে শিক্ষাক্ষেত্রে অরাজকতা তৈরি হবে। তাঁর কথায়, “যে পড়ুয়ারা পরিশ্রম করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা আজ হতাশ হয়ে পড়বেন। পুরো সেশন পিছিয়ে গেলে পরবর্তীতে ইন্টার্নশিপ ও চাকরির ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে।” তিনি আরও মনে করেন, ভর্তি দীর্ঘসূত্রিতার কারণে দুর্নীতিরও আশঙ্কা থেকে যায়। তার মন্তব্য, “যদি আসন ফাঁকা থেকে যায়, তখনই টাকার বিনিময়ে র‍্যাঙ্ক পরিবর্তন করে ভর্তির সুযোগ করে দেওয়ার প্রবণতা দেখা দিতে পারে।”

একদিকে নিট পরীক্ষা, অন্যদিকে জয়েন্ট— দু’টি গুরুত্বপূর্ণ প্রবেশিকা নিয়েই শিক্ষাজগতে অনিশ্চয়তার ছবি প্রকট। জয়েন্টের ফল কবে প্রকাশিত হবে, তাও এখনও অজানা। তার সঙ্গে যুক্ত হয়েছে ওবিসি মামলার জটিলতা। সব মিলিয়ে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখন অন্ধকারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole