তাঁতের শাড়িতে মোদীর ‘লাইন আর্ট’, জন্মদিনে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছল বাংলার উপহার

breakingnews জেলা দেশ রাজ্য

নিউজপোল ব্যুরো: ছবি আঁকা নয়, রং-তুলির ব্যবহারও নেই। সুতো আর তাঁতের বুননেই ফুটে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের অবয়ব। নদিয়ার ফুলিয়ার এক তাঁতশিল্পীর হাতে তৈরি সেই বিশেষ জামদানি শাড়িই এবার প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলার উপহার হয়ে পৌঁছে গেল তাঁর কাছে।

ফুলিয়ার তাঁতশিল্পের সুখ্যাতি দীর্ঘদিনের। সেই ঐতিহ্যকে আরও একটু অন্যভাবে তুলে ধরতেই পদ্মশ্রী ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই বিশেষ শিল্পকর্ম। সিল্কের জামদানি শাড়িতে মোদীর ‘লাইন আর্ট’ ফুটিয়ে তুলতে প্রায় ১০ দিন সময় লেগেছে। নিখুঁতভাবে পুরো কাজটি হাতে বুনেছেন তাঁতশিল্পী বিবেক বিশ্বাস।

শিল্পী পরিবারের তরফে জানানো হয়েছে, এই শাড়ি বিক্রির জন্য তৈরি করা হয়নি। প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলার তাঁতশিল্পীদের ভালোবাসা, পরিশ্রম ও সৃজনশীলতার ছোট্ট একটি নিদর্শন হিসেবেই এটি তৈরি করা হয়েছে।

এই ধরনের কাজের ভাবনা বীরেনবাবুর ছেলে অভিনব বসাকের। ২০১৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দিয়ে জামদানিতে ‘ফাইন আর্ট লাইন’ কাজের শুরু। তারপর একে একে আরও বিশিষ্ট ব্যক্তিত্বের মুখ ফুটে উঠেছে তাঁতের বুননে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতিও।

অভিনব বসাকের কথায়, প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলার তাঁতশিল্পীদের পক্ষ থেকে কিছু উপহার দেওয়ার ইচ্ছা থেকেই এই উদ্যোগ। তাঁর আশা, এই শিল্পকর্মের মাধ্যমে বাংলার তাঁতিদের দক্ষতা ও শিল্পভাবনা আরও মানুষের কাছে পৌঁছবে।