নিউজপোল ব্যুরো: পুজোর মুখে উচ্ছেদের নোটিশ ঘিরে চুঁচুড়ায় অস্থায়ী দোকানদারদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। বৃহস্পতিবারের মধ্যেই দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পূর্ত দফতর (PWD)। ফলে পুজোর আগে ব্যবসা বন্ধ হয়ে গেলে সংসার কীভাবে চলবে, তা নিয়ে চিন্তায় বহু ছোট ব্যবসায়ী।
বুধবার চুঁচুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় যায় পূর্ত দফতরের আধিকারিকরা। ঘড়ি মোড়, কোর্ট চত্বর, মাঠের ধার এবং জেলাশাসক কার্যালয় সংলগ্ন এলাকায় থাকা দোকানগুলিতে গিয়ে দোকান সরিয়ে নেওয়ার কথা জানানো হয়। আধিকারিকরা স্পষ্ট করে দেন, দোকানের সমস্ত ছাউনি খুলে ফেলতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান না সরালে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
আরও দেখুন:- তাঁতের শাড়িতে মোদীর ‘লাইন আর্ট’, জন্মদিনে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছল বাংলার উপহার
দোকানদারদের অভিযোগ, তাঁদের আগে কোনও নোটিস দেওয়া হয়নি। আচমকাই পুলিশ ও পূর্ত দফতরের আধিকারিকরা এসে দোকান তুলে দিতে বলেন। একদিনের মধ্যে দোকানের যাবতীয় মালপত্র সরানো কার্যত অসম্ভব বলেই দাবি তাঁদের।
ব্যবসায়ীদের দাবি, বহু পরিবার এই ছোট দোকানের আয়ের উপর নির্ভরশীল। কেউ ২০ বছর, কেউ আবার ৩০-৪০ বছর ধরে সেখানে ব্যবসা করছেন। পুজোর আগে উচ্ছেদের নির্দেশে তাই চরম অনিশ্চয়তায় তাঁরা।
