নিউজ পোল ব্যুরো: অবশেষে দক্ষিণবঙ্গের উপর থেকে সরেছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে বৃষ্টির তাণ্ডব কমলেও উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা প্রবল। রবিবার দক্ষিণবঙ্গের দুই জেলায় প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি রয়েছে। আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বদলাতে চলছে আবহাওয়া (Weather )
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমেছে। বুধবার পর্যন্ত বৃষ্টি হলেও তা কম থাকবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্র-বিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
অন্যদিকে, অতিবৃষ্টির চরম সতর্কতা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্র-বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুধু রবিবার নয় সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে অতিবৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে । ভারী বৃষ্টি হবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। উত্তরবঙ্গে তাপমাত্রার হেরফের হবে না। আবহাওয়া (Weather ) মনোরম থাকবে।
