Bratya Basu: রোহিঙ্গা আর আজাদ হিন্দ ফৌজ এক? শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যে রাজনীতি তপ্ত

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নির্বাচন কমিশন (Election Commission) পশ্চিমবঙ্গে এসআইআর (সিটিজেনশিপ ইনফরমেশন রেজিস্ট্রি) প্রক্রিয়া চালু করার ঘোষণা দেওয়ার পরই রাজ্যের রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই এসআইআর-এর বিরোধিতা করেছেন এবং এবার সরাসরি রাস্তায় প্রতিবাদ গড়ে তোলার পরিকল্পনাও ঘোষণা করেছেন দলের শীর্ষ নেতৃত্ব। এই প্রেক্ষাপটে বিতর্ক আরও জোরালো হয়ে ওঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) মন্তব্যের কারণে।

আরও পড়ুন: Mamata Banerjee: SIR ইস্যুতে বিজেপির বিরুদ্ধে পথে মমতা-অভিষেক, ৪ নভেম্বর কলকাতায় তৃণমূলের শক্তি প্রদর্শন

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ-কে একই পংক্তিতে তুলনা করেন। তিনি বলেন, “বিজেপি একটি বিপজ্জনক দল। তারা ম্যাপ বোঝে না। মায়ানমার থেকে রোহিঙ্গারা যে পথে ঢোকে, সেটা আজাদ হিন্দ ফৌজের পথের সঙ্গে মিল রয়েছে। বিজেপি সেই পথকে অপমান করছে।”

ব্রাত্যর (Bratya Basu) এই মন্তব্যে রাজনীতির আঙিনায় তীব্র প্রতিক্রিয়া এসেছে। বিজেপি (BJP) দাবি করছে, শিক্ষামন্ত্রী কার্যত আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের অপমান করেছেন। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “ব্রাত্য বসু তো একজন অধ্যাপক ছিলেন। এখন তিনি এমন জায়গায় নামলেন, যেখানে নামা উচিৎ নয়।”

এছাড়া, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, “আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের রোহিঙ্গার সঙ্গে তুলনা করা অত্যন্ত দুঃখজনক। ১৯৪৪ সালে নেতাজির নেতৃত্বে বর্মা হয়ে ভারতপ্রবেশের সময় নেহরু কংগ্রেস তাদের ‘অনুপ্রবেশকারী’ বলে বিভ্রান্তি ছড়িয়েছিল। আজ একই রকম ভাষা ব্যবহারের চেষ্টা স্বাধীনতার ইতিহাস এবং দেশপ্রেমের প্রতি গভীর অবমাননা।”

বিজেপির পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর তৎক্ষণাত ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে। এমনকি কিছু মহল পদত্যাগেরও দাবিতে সরব হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ব্রাত্য বসুর (Bratya Basu) মন্তব্য কেবল এসআইআর বিরোধিতাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি করেনি, বরং ইতিহাস ও দেশপ্রেমের সংবেদনশীলতা নিয়েও উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole