নিউজ পোল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পবিত্র একাদশীর দিনে উৎসব পরিণত হলো মর্মান্তিক দুর্ঘটনায়। অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন অন্তত ১২ জন ভক্ত, আহত হয়েছেন আরও ৩০ জন। দেশজুড়ে এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার ভোরে বিশেষ পূজার আয়োজন ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় জমে যায়। স্থানীয় সূত্রে খবর, ভক্তদের ঢল সামলাতে গিয়ে মন্দির চত্বরে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধাক্কাধাক্কির মধ্যে কয়েকজন পড়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনতার মধ্যে। হুড়োহুড়ি শুরু হতেই পদপিষ্টের ভয়াবহ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়জনের, পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয় দুর্ঘটনার খবর পৌঁছাতেই টুইটারে (এক্স) শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
আরও পড়ুন: Bratya Basu: রোহিঙ্গা আর আজাদ হিন্দ ফৌজ এক? শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যে রাজনীতি তপ্ত
তার (Narendra Modi) বার্তায় তিনি লেখেন, “অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
একই সঙ্গে প্রধানমন্ত্রী (Narendra Modi) ঘোষণা করেন, মৃতদের পরিবারের প্রতি কেন্দ্রের সহানুভূতির নিদর্শন হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল (PMNRF) থেকে প্রত্যেককে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) ও এক্স হ্যান্ডেলে শোকবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি।” রাজ্য প্রশাসন ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মন্দিরে প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল না। ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় সমাবেশে নিরাপত্তা জোরদার করা হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
