Bangaon: জল্পনার ইতি! শেষমেশ বনগাঁ পুরপ্রধানের পদ ছাড়লেন গোপাল শেঠ

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বহুদিনের জটিল টানাপোড়েন ও রাজনৈতিক চাপের পর অবশেষে বনগাঁ (Bangaon) পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন গোপাল শেঠ। বুধবার সকালেই তিনি তার ইস্তফাপত্র জমা দেন। তাঁর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৃণমূলের (TMC) একাংশ কাউন্সিলর উৎসবের আবহে বিজয় মিছিল বার করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে গোপাল শেঠ নিজে পদত্যাগপত্র জমা দেওয়ার পর কোনও মন্তব্য করতে চাননি। রাজনৈতিক মহলের ধারণা এই ইস্তফার ফলে দীর্ঘদিন ধরে পুরসভায় চলতে থাকা অচলাবস্থা কাটতে পারে।

আরও পড়ুন: TMC: কেন্দ্রের ব্যর্থতার প্রতিবাদে অভিনব কৌশল! সংসদে তৃণমূলের বিক্ষোভে যোগ দিল অন্য বিরোধী দলগুলিও

রাজ্যে শাসকদলের আধিপত্য থাকা বনগাঁ (Bangaon) পুরসভায় গোপাল শেঠই দায়িত্বে ছিলেন। আগামী বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসায় কয়েক মাস আগে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বিভিন্ন পুরসভার প্রধানদের দায়িত্ব ছাড়তে নির্দেশ দেয়। সেই নির্দেশে বেশিরভাগ প্রধানই পদত্যাগ করেন। কিন্তু গোপাল শেঠ দাবি করেন, তাকে এ ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি। সে সময় থেকেই পুরসভা কার্যত স্তব্ধ হতে শুরু করে। বিভিন্ন প্রকল্প, দৈনন্দিন প্রশাসন ও পরিষেবা নিয়ে নানান অভিযোগ উঠতে থাকে। একই সঙ্গে তৃণমূলের একাধিক কাউন্সিলর প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে ক্ষোভ দেখাতে শুরু করেন।

অভিযোগ ছিল, দলীয় সিদ্ধান্ত মানতে গোপাল শেঠ অনীহা দেখাচ্ছেন। পরিস্থিতি চরমে ওঠায় কাউন্সিলররা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন এবং সেই প্রস্তাবের উপর ভোটাভুটির প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষমেশ ওই ভোটাভুটির আগেই নিজে থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন গোপাল শেঠ। তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা শুরু হয়েছে বনগাঁ (Bangaon) পুরসভায় নতুন নেতৃত্ব কাকে বেছে নেওয়া হবে তা নিয়ে।

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানান, “অনেক দিন আগেই দলের নির্দেশ অনুযায়ী তাঁর পদ ছাড়ার প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত তাঁকে বাধ্য হয়েই পদত্যাগ করতে হল। এতে তার রাজনৈতিক ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হয়েছে।” তিনি আরও দাবি করেন, “আজ মানুষের উচ্ছ্বাসই প্রমাণ করে আগামী ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল আরও ভালো ফল করবে। পুরপ্রধান হিসেবে গোপাল শেঠ যে ব্যর্থ ছিলেন, তা বনগাঁর মানুষ আগেই বুঝতে পেরেছেন।” এছাড়া তিনি জানান, নতুন পুরপ্রধান নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত পুরসভার প্রশাসনিক দায়িত্ব সামলাবেন অফিসাররা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও আশাবাদী স্থানীয় মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole