নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে আচমকাই বদলে গেল রাজনৈতিক সমীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করতেই নতুন করে চর্চা শুরু হয়েছে। তার পরেই নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ আসনে সঞ্চিতার প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। স্থানীয় তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত সঞ্চিতাকে প্রার্থী করার পরও প্রচারে তাঁকে খুব একটা সক্রিয় দেখা যায়নি। এর মধ্যেই শুক্রবার স্বামীকে সঙ্গে নিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পরই সামনে আসে মনোনয়ন প্রত্যাহারের খবর।
এর আগে দলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরেও তৈরি হয়েছিল জটিলতা। সেই পরিস্থিতির মধ্যেই নন্দীগ্রাম থেকে প্রার্থী সরিয়ে নেওয়া নিঃসন্দেহে ভোটের অঙ্কে নতুন পরিস্থিতি তৈরি করেছে।
সঞ্চিতা সরে দাঁড়ানোর পর নন্দীগ্রামে নিজেদের কোনও প্রার্থী না রেখে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে মমতার শিবির। ফলে আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনের আগে নন্দীগ্রামে রাজনৈতিক লড়াই নতুন মোড় নিল। এখন নজর, এই সমর্থনের প্রভাব ভোটের ময়দানে কতটা পড়ে।
