নিউজপোল ব্যুরো: আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে চলা টানাপোড়েনের ইতি টানলো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পর শুক্রবার বিকল্প নাম ও প্রতীক ঘোষণা করেছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নতুন নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। তাঁদের জন্য বরাদ্দ হয়েছে ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ এবং নির্বাচনী প্রতীক ‘খাম’।
আরও দেখুন:-দলীয় কার্যালয় করার ‘অপরাধে’ নিশানায় বাড়ি? ফসল কাটার হুমকি, বসিরহাটে বিস্ফোরক অভিযোগ
দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধের জেরেই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়। উপনির্বাচন এগিয়ে আসায় দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের আগে কমিশন অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে দুই গোষ্ঠীকে পৃথক নাম ও প্রতীকে ভোটে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ফলে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহার করতে পারবে না কোনও পক্ষই। দুই শিবিরকেই নতুন পরিচয় নিয়ে প্রার্থীদের ভোটের ময়দানে নামাতে হবে।
তবে এই সিদ্ধান্তই তৃণমূলের নাম ও প্রতীকের ক্ষেত্রে চূড়ান্ত মালিকানা নির্ধারণ করছে না। সেটি নিয়ে নির্বাচন কমিশনের পৃথক প্রক্রিয়া চলবে। আপাতত উপনির্বাচনের জন্যই দুই শিবিরের এই নতুন নাম ও প্রতীক কার্যকর থাকবে।
