TMC: কেন্দ্রের ব্যর্থতার প্রতিবাদে অভিনব কৌশল! সংসদে তৃণমূলের বিক্ষোভে যোগ দিল অন্য বিরোধী দলগুলিও

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: প্রায় একুশ মাস আগে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, বাংলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে ঠিক কত অর্থ বরাদ্দ হয়েছে এবং কত টাকা বকেয়া রয়েছে, তার একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করতে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেন্দ্র কোনও নথি প্রকাশ করেনি। এই নীরবতার প্রতিবাদেই বুধবার সংসদ চত্বরে এক অভিনব কর্মসূচি নিল তৃণমূলের (TMC) সাংসদরা।

আরও পড়ুন: High Court: সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য করে উচ্চ-প্রাথমিকে নিয়োগের নির্দেশ হাই কোর্টের

সকালে অধিবেশন শুরুর আগে মকরদ্বারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তৃণমূলের (TMC) লোকসভা ও রাজ্যসভার সদস্যরা হাতে তুলে নেন সাদা কাগজ। প্রতীকী ‘শ্বেতপত্র’ হিসেবেই সাদা কাগজ ধরে তারা জানান, কেন্দ্র যখন তথ্য দিতে চাইছে না, তখন তার প্রতিবাদে তারা ‘খালি’ কাগজ দেখাচ্ছেন। সাংসদদের স্লোগান ছিল, “বাংলার বকেয়া টাকা ফেরত দাও, প্রধানমন্ত্রী জবাব দিন।” পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কিন্তু বার্তা ছিল অত্যন্ত কড়া।

তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের সাধারণ সম্পাদক কেন্দ্রকে যথেষ্ট সময় দিয়েছিলেন। বাংলার প্রাপ্য অর্থ কোথায় আটকে আছে তার জবাব দেশবাসীর জানা উচিত। কিন্তু কেন্দ্র কোনও উত্তরই দেয়নি। তাই আজ আমরা বাধ্য হয়েছি এই প্রতীকী প্রতিবাদে শামিল হতে।” তার দাবি, কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য টাকার পরিমাণ বিপুল, অথচ রাজনৈতিক কারণে তা আটকে রাখা হচ্ছে।

এই দিনের প্রতিবাদের বিশেষ দিক ছিল অন্য বিরোধী দলগুলির অংশগ্রহণ। কংগ্রেস ও সমাজবাদী পার্টির একাধিক সাংসদ সাময়িকভাবে তৃণমূলের সারিতে দাঁড়িয়ে তাঁদের সমর্থন জানান। তৃণমূলের বক্তব্য, এ থেকেই বোঝা যায় যে তাদের দাবি নিরপেক্ষভাবে বিবেচ্য এবং সংসদের বিরোধীদের একাংশও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে রাজ্যের বকেয়া সংক্রান্ত বিতর্কে কংগ্রেস বা সমাজবাদী পার্টির সরাসরি কোনও স্বার্থ না থাকলেও, তাঁরা পাশে দাঁড়ানোয় বিষয়টির রাজনৈতিক ও সাংবিধানিক গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।

অন্যদিকে বিজেপি (BJP) নেতৃত্ব অভিযোগ করেছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির কারণেই বাংলার অর্থ আটকে আছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মন্তব্য করেন, “সাদা কাগজ একদিন কালো হয়ে যাবে। দুর্নীতির যে পাহাড় তৃণমূল তৈরি করেছে, তার ফল তারা ভোগ করছে।” তৃণমূল অবশ্য দাবি করেছে, দু’লক্ষ কোটি টাকারও বেশি বকেয়া এবং সেই কারণেই বহু প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। সেই বকেয়া আদায়ের লড়াইই তারা সংসদে আরও জোরদার করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole