Humayun Kabir: ১০০০ কোটির ডিল? হুমায়ুনের ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের আগেই জোট ভাঙল মিম

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের মুখে বড় রাজনৈতিক ধাক্কা খেলেন হুমায়ুন কবীর। বিতর্কিত একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর তাঁর দল আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভেঙে দেওয়ার ঘোষণা করল আসাউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম। শুক্রবার দলটির পক্ষ থেকে সামাজিক মাধ্যম এক্সে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়, হুমায়ুন কবীরের (Humayun Kabir) দলের সঙ্গে তাদের সমস্ত রাজনৈতিক সম্পর্ক শেষ করা হচ্ছে। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে, আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে এআইএমআইএম একাই লড়বে।

এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ শুক্রবারই ইসলামপুরে হুমায়ুন কবীর (Humayun Kabir) ও এআইএমআইএম নেতৃত্বের যৌথ জনসভার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই জোট ভাঙার ঘোষণা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওই এই বিচ্ছেদের মূল কারণ।

আরও পড়ুন:Strait of hormuz: দিনে ১৫টির বেশি জাহাজ নয়, হরমুজ প্রণালী নিয়ে কড়া হুঁশিয়ারি খামেনেই-পুত্রের

ওই ভিডিওতে হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে এক ব্যক্তির কথোপকথন শোনা যায় বলে দাবি করা হয়েছে, যেখানে তাঁকে একাধিক বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে। অভিযোগ, সেখানে তিনি বিপুল অঙ্কের আর্থিক চুক্তি নিয়ে আলোচনা করছেন এবং সংখ্যালঘু ভোটারদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করছেন। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবু তা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক চাপ দ্রুত বাড়তে থাকে।

ভিডিওটি সামনে এনে তৃণমূল কংগ্রেস তীব্র আক্রমণ শানায়। দলের নেতা ফিরহাদ হাকিম অভিযোগ করেন, ধর্ম ও সংখ্যালঘুদের আবেগকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করেছেন হুমায়ুন কবীর। এর পরপরই এআইএমআইএম জানিয়ে দেয়, এমন কোনও জোটের অংশ তারা থাকতে পারে না যেখানে সংখ্যালঘুদের মর্যাদা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

দলটির বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে অবহেলিত এবং তাদের উন্নয়নের জন্য স্বাধীন কণ্ঠস্বর প্রয়োজন। সেই কারণেই এবার কোনও আপস নয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একক শক্তিতেই লড়বে এআইএমআইএম। এই ঘটনার জেরে ভোটের আগে রাজ্যের সংখ্যালঘু রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole