নিউজ পোল ব্যুরো: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (Jawaharlal Nehru University – JNU) সম্প্রতি ঘোষণা করেছে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের (Student Election) দিন ক্ষণ। বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকায় বলা হয়েছে, পিএইচডি-র ক্লাস শুরুর ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি ওই সময়ের মধ্যেই ইন্টারনাল কমিটির ভোট সম্পন্ন করার কথাও জানানো হয়েছে। দিল্লির এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটকে কেন্দ্র করে প্রায় প্রতি বছরই তুমুল বিতর্ক, প্রচার ও রাজনৈতিক লড়াই দেখা যায়।
এই খবর প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গের (West Bengal) কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের দাবি নতুন করে জোরালো হয়েছে। এ রাজ্যে দীর্ঘদিন ধরেই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে একাধিক জনস্বার্থ মামলা (Court Case) কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছে। মামলাকারীদের অভিযোগ, রাজ্য সরকার (West Bengal Government) ইচ্ছে করেই ছাত্রভোট করাচ্ছে না। যদিও সরকারের তরফে পাল্টা দাবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনীহার জন্যই ভোট সম্ভব হচ্ছে না।
যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)-এর কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা সরকারি নির্দেশ পেলেই নির্বাচনের আয়োজন করতে প্রস্তুত। উল্লেখযোগ্যভাবে, শেষবার ২০২০ সালের ফেব্রুয়ারিতে সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। তবে মূল সমস্যার জায়গা হল বিশেষ বিধি বা ‘Rules’। ছাত্রভোটের জন্য যে নিয়ম মেনে চলতে হয়, তা রাজ্যের তরফে আর কার্যকর করা হয়নি। ২০১৭ সালে শিক্ষা দফতর (Education Department) একটি বিশেষ বিধি জারি করেছিল। সেই বছর কলকাতা, বর্ধমান, বিদ্যাসাগর, উত্তরবঙ্গ ও কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং অনুমোদিত কলেজগুলোতে শেষবার ভোট হয়। কিন্তু পরে আদালতের নির্দেশে সরকারকে ওই বিধি জমা দিতে বলা হলেও, এখনও তা করা হয়নি। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, “শুনানি বারবার পিছোচ্ছে, সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন রয়েছে।” অন্যদিকে বিকাশ ভবনের শীর্ষকর্তারা বলছেন, তিন বছরের স্নাতক কোর্স অনুযায়ী বিধি তৈরি হয়েছিল। কিন্তু ২০২৫ সাল থেকে চার বছরের কোর্স চালু হওয়ায় সেটি কার্যকর হবে কি না, তা নিয়ে দ্বিধা আছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ছাত্রভোট বন্ধ হওয়ার অন্যতম কারণ ২০১৩ সালের গার্ডেনরিচের (Garden Reach) হরিমোহন ঘোষ কলেজে ঘটে যাওয়া ভয়াবহ সহিংসতা। সেদিন ছাত্র সংসদ নির্বাচনের সময় গুলিতে শহিদ হন কলকাতা পুলিশের অফিসার তাপস চৌধুরী। এর পর থেকেই সরকার কঠোর অবস্থান নেয়। ২০১৭ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ (St. Xavier’s College) মডেল ধরে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল গড়ার উদ্যোগ নেওয়া হয় এবং ‘West Bengal Universities and Colleges Rules’ চালু করা হয়। নিয়ম অনুযায়ী নির্বাচিত সংসদের মেয়াদ দুই বছর হলেও, ২০১৭-র পর আর কোনও ছাত্রভোট হয়নি।
