Uttarakhand: উত্তরাখণ্ডে ফের প্রকৃতির রুদ্ররূপ, চামোলিতে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে লণ্ডভণ্ড গ্রাম, নিখোঁজ বহু

দেশ

নিউজ পোল ব্যুরো: উত্তরাখণ্ড (Uttarakhan) আবারও ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের শিকার। টানা বর্ষণের ফলে ফের মেঘভাঙা বৃষ্টিতে চামোলি জেলার নন্দা নগরে ঘটে গেল ভয়াবহ বিপর্যয়। বুধবার গভীর রাতে হঠাৎ শুরু হওয়া প্রবল বর্ষণের জেরে সৃষ্টি হয় হড়পা বান, যা মুহূর্তে ভাসিয়ে নিয়ে যায় গ্রামের একাংশ। এই দুর্যোগে নিখোঁজ অন্তত ১০ জন, ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বাড়ি।

প্রত্যক্ষদর্শীদের কথায়, হড়পা বানের তীব্র জলস্রোত (Uttarakhand) ও কাদার স্রোতে গ্রামে অন্তত ছয়টি ঘরবাড়ি সম্পূর্ণ ধসে পড়ে। মুহূর্তে গ্রামটি পরিণত হয় ধ্বংসস্তূপে। প্রশাসন দ্রুত তৎপর হয়ে উদ্ধারকাজ শুরু করে রাতেই। ইতিমধ্যে কাদার স্তূপ থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে জোরকদমে।

আরও পড়ুন: Student Election: জেএনইউর ভোটে ঝড়, বাংলায় এখনও নিস্তব্ধতা কেন?

ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম ও জরুরি পরিষেবার একাধিক অ্যাম্বুল্যান্স। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির গুরুত্ব বুঝে সমস্ত রকম সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি যাতে আরও ভয়াবহ না হয়, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে মাত্র চার দিন আগেই দেরাদুন-সহ রাজ্যের আরও কিছু অংশে টানা বৃষ্টিতে নেমে এসেছিল বিপর্যয়। বিভিন্ন এলাকায় মেঘভাঙা বৃষ্টির ফলে হঠাৎ নদীর জলস্তর বেড়ে গিয়ে সৃষ্টি হয় হড়পা বানের। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক দিনের দুর্যোগে রাজ্যে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। দেরাদুনে নদীর প্রবল স্রোতে একটি ট্র্যাক্টর ভেসে যায়, যাতে থাকা ১০ জন যাত্রীর কারোরই বাঁচার সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রতিবছর বর্ষাকালে এমন দুর্যোগ নতুন কিছু নয়, তবে এবারের মতো ধারাবাহিক ও তীব্র প্রাকৃতিক আঘাত রাজ্যের প্রশাসন ও সাধারণ মানুষের কাছে গভীর চিন্তার কারণ হয়ে উঠেছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole