Ahmedabad Plane Crash: ছেলের ভাবমূর্তি ক্ষুণ্ন, তদন্ত রিপোর্ট নিয়ে ক্ষোভ মৃত পাইলটের পিতার, ফের নিরপেক্ষ তদন্তের দাবি

দেশ

নিউজ পোল ব্যুরো: আহমেদাবাদ বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash) নিয়ে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)-এর প্রাথমিক রিপোর্টকে তীব্রভাবে খণ্ডন করলেন মৃত পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের পিতা, নবতিপর পুষ্করাজ সবরওয়াল। তার অভিযোগ, এই রিপোর্টে ভিত্তিহীনভাবে পুত্রকে দায়ী করা হয়েছে, যার ফলে একজন অভিজ্ঞ পাইলটের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও AAIB-র ডিরেক্টর জেনারেলকে চিঠি লিখে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরুর দাবি (Ahmedabad Plane Crash) জানিয়েছেন।

চিঠিতে পুষ্করাজ সবরওয়াল লিখেছেন, “রিপোর্টের কিছু অংশ সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় সুমিতের মানসিক অবস্থার ভুল ব্যাখ্যা হচ্ছে। এতে আমার ছেলের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং আমিও মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি।” তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী, সম্মান রক্ষা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। সেই অধিকার আজ তার প্রয়াত পুত্রের ক্ষেত্রেও লঙ্ঘিত হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: Ahmedabad plane crash : বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট সামনে আনল AAIB, প্রকাশ্যে শেষ মুহূর্তে পাইলটদের ভয়ার্ত কথোপকথন

উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়ান চলাকালীনই ভেঙে (Ahmedabad Plane Crash) পড়ে একটি মেডিক্যাল কলেজের উপর। দুর্ঘটনায় প্রাণ হারান ২০০-রও বেশি যাত্রী ও কর্মী। AAIB-র প্রাথমিক রিপোর্টে বলা হয়, উড্ডয়নের সময় হঠাৎ দু’টি ইঞ্জিনেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় ‘কাটঅফ’ মুডে চলে যায়। একজন পাইলট (Pilot) প্রশ্ন করেন, “ইঞ্জিন বন্ধ করলে কেন?” অপর পাইলট জানান, “আমি কিছু বন্ধ করিনি।” ইঞ্জিন ফের চালু করার চেষ্টাও হয়েছিল, কিন্তু সময়ের অভাবে একটি ইঞ্জিন চালু করা গেলেও অন্যটি ব্যর্থ হয়।

এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই ক্যাপ্টেন সুমিতকে দায়ী করে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। তারই প্রতিবাদে এবার গর্জে উঠলেন তার বাবা, যিনি মনে করেন, ছেলের মৃত্যুর পরও তাকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে, যা শুধরানো জরুরি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole