নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে বিশেষ নিবিড় সংশোধনী (SIR) শুনানি ঘিরে বাড়ছে বিতর্ক। বিভিন্ন জেলায় শুনানি কেন্দ্রে সাধারণ মানুষের ভোগান্তির ছবি সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দীর্ঘ লাইনে ইনহেলার হাতে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা মহিলা, ভাঙা হাত-পা নিয়ে অপেক্ষারত নাগরিক এই দৃশ্য ঘিরেই অভিযোগ উঠেছে, প্রশাসনিক প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। এই পরিস্থিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) সরব হয়ে অভিযোগ তুলেছে, নির্বাচন কমিশনের (Election Commission) গাফিলতিতেই মানুষের এমন দুর্দশা।
তবে হেনস্তার অভিযোগ উড়িয়ে দিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এসআইআর প্রসঙ্গে তাঁর মন্তব্যের একটি ভিডিও সামনে আসতেই রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সুকান্তের বক্তব্য, ভোট দিতে যেভাবে মানুষ ভোটকেন্দ্রে যায়, একইভাবে এসআইআর শুনানিতেও আসা সম্ভব। তাঁর মন্তব্যে তিনি উদাহরণ টেনে বলেন, যাঁদের ভোট দেওয়ার ইচ্ছা নেই, তাঁরাই এসআইআর নিয়ে আপত্তি তুলছেন। এই মন্তব্য ঘিরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের দাবি, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন ভাষা কখনওই প্রত্যাশিত নয়। দলের তরফে বলা হয়েছে, বয়সের ভারে ন্যুব্জ, অসুস্থ কিংবা বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য আলাদা ব্যবস্থা করার নির্দেশ থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। অনেক ক্ষেত্রেই হুইলচেয়ার বা অ্যাম্বুল্যান্সে করেই মানুষকে শুনানি কেন্দ্রে হাজির হতে হচ্ছে। সেই অবস্থায় এমন মন্তব্যকে অমানবিক ও অসংবেদনশীল বলে আখ্যা দিয়েছে শাসক শিবির।
তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে সুকান্ত মজুমদারের মন্তব্যের ভিডিও শেয়ার করে তাঁর বিরুদ্ধে কড়া সমালোচনা করা হয়েছে। দলের প্রশ্ন, বয়স্ক ও অসুস্থ মানুষের প্রতি ন্যূনতম সহানুভূতিও যদি না থাকে, তবে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করবেন কীভাবে? এই ঘটনায় সুকান্ত মজুমদারের প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবিও উঠেছে।
এর আগেও এসআইআর শুনানিতে হেনস্তার অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, বৃদ্ধ-বৃদ্ধাদের এভাবে হেনস্তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। সেই ধারাবাহিকতায় সোমবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে তৃণমূলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল যাওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলে থাকছেন পার্থ ভৌমিক, শশী পাঁজা, বাপি হালদার, পুলক হালদার ও বীরবাহা হাঁসদা। শাসক দলের দাবি, মানুষের সম্মান ও অধিকার রক্ষায় এই লড়াই চলবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
