Germany: স্বপ্নভঙ্গ জার্মানিতে! উচ্চশিক্ষা শেষে নির্বাসনের খাঁড়া, ভবিষ্যৎ নিয়ে রুদ্ধশ্বাস আতঙ্কে ভারতীয় ছাত্রছাত্রীরা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: উন্নতমানের ডিগ্রি, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ইউরোপে স্থায়ী ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে জার্মানিতে (Germany) পাড়ি দিয়েছিলেন বহু ভারতীয় পড়ুয়া (Indian Student)। কিন্তু বার্লিনের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (আইইউ)-তে পড়াশোনা করতে গিয়ে সেই স্বপ্ন আজ অনেকের কাছেই অনিশ্চয়তায় ভরা এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গিয়েছে, বিপুল অঙ্কের টিউশন ফি ও শিক্ষাঋণ নিয়ে জার্মানিতে (Germany) যাওয়া বহু ভারতীয় ছাত্রছাত্রীকে হঠাৎ দেশ ছাড়ার নোটিস পাঠানো হচ্ছে। আশ্চর্যের বিষয়, কোনও আইন ভাঙা বা শর্ত লঙ্ঘনের অভিযোগ নেই তাঁদের বিরুদ্ধে। সমস্যার সূত্রপাত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কিছু কোর্সের ব্যাখ্যা নতুন করে অভিবাসন দপ্তর যেভাবে দিচ্ছে, তা ঘিরে।

আরও পড়ুন: Kolkata Metro : যাত্রী ভোগান্তি বাড়ছেই! ‘কলকাতা মেট্রো’ অ্যাপে লগইন সমস্যা, মুখ খুলল কর্তৃপক্ষ

এই মুহূর্তে গবেষণা বা ডিসার্টেশন সম্পন্ন করার বদলে বহু পড়ুয়া ব্যস্ত হয়ে পড়েছেন নিজের আইনি অবস্থান বুঝতে। মূল জটিলতা তৈরি হয়েছে হাইব্রিড ও অনলাইন কোর্স নিয়ে। পড়ুয়াদের দাবি, ভর্তি হওয়ার সময় তাঁদের জানানো হয়েছিল, কোর্সটি মূলত ক্যাম্পাসভিত্তিক এবং নিয়মিত উপস্থিতির সুযোগ থাকবে। কিন্তু এখন জার্মান অভিবাসন কর্তৃপক্ষ প্রশ্ন তুলছে, এই কোর্সগুলিতে আদৌ প্রয়োজনীয় সংখ্যক মুখোমুখি ক্লাস রয়েছে কি না। এই ব্যাখ্যার পরিবর্তনেই ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে।

ইউনিভার্সিটি লিভিং-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও ময়ঙ্ক মাহেশ্বরীর মতে, এই ঘটনা আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার গভীর সমস্যাকে সামনে এনেছে। তিনি বলেন, পড়ুয়ারা ভর্তি হওয়ার সময় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী সংস্থার দেওয়া তথ্যের উপর ভরসা করেই জীবনের বড় সিদ্ধান্ত নেন। কিন্তু মাঝপথে নিয়মের ব্যাখ্যা বদলে গেলে বা নতুনভাবে প্রয়োগ হলে, সৎ উদ্দেশ্যে পড়াশোনা করতে আসা পড়ুয়ারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।

এই সংকটের প্রভাব আর্থিক দিক থেকেও মারাত্মক। অনেক ভারতীয় পড়ুয়া ২০ হাজার ইউরোর বেশি বিনিয়োগ করেছেন, যার বড় অংশই ভারতে নেওয়া শিক্ষাঋণের মাধ্যমে। এখন তাঁদের জানানো হচ্ছে, পড়াশোনা শেষ করতে হলে হয়তো জার্মানিতে (Germany) না থেকে ভারত থেকেই অনলাইনে কোর্স সম্পন্ন করতে হবে। অথচ ভর্তি হওয়ার সময় অন-ক্যাম্পাস শিক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

এই পরিস্থিতি ভারতীয় পরিবারগুলির কাছেও এক বড় সতর্কবার্তা। দীর্ঘদিন ধরে জার্মানি তুলনামূলকভাবে সাশ্রয়ী ও স্বচ্ছ শিক্ষাগন্তব্য হিসেবে পরিচিত ছিল। কিন্তু এই ঘটনার ফলে সেই বিশ্বাসে ফাটল ধরতে পারে। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ভর্তি ও ফি দেওয়াই যথেষ্ট নয়; কোর্সের কাঠামো, উপস্থিতির নিয়ম এবং ভিসা সংক্রান্ত শর্ত সরকারি সূত্রে যাচাই করাই এখন সময়ের দাবি। হাইব্রিড শিক্ষামডেল যত জনপ্রিয় হচ্ছে, ততই প্রয়োজন নিয়ম ও বাস্তবতার মধ্যে স্পষ্ট সামঞ্জস্য না হলে অনিশ্চয়তার শিকার হবেন পড়ুয়ারাই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole