নিউজ পোল ব্যুরো: বছর শেষের মুখে ফের চরম যাত্রীভোগান্তির সাক্ষী থাকল কলকাতা মেট্রো (Kolkata Metro)। একদিকে রেক বিকলের জেরে আচমকা পরিষেবা বন্ধ, অন্যদিকে টিকিট ভেন্ডিং মেশিনে অনলাইন পেমেন্টের সমস্যা—সব মিলিয়ে নাজেহাল নিত্যযাত্রীরা। তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতো যুক্ত হয়েছে ‘আমার কলকাতা মেট্রো’ (Kolkata Metro) অ্যাপের দীর্ঘদিনের প্রযুক্তিগত ত্রুটি। সব মিলিয়ে যাত্রীদের ক্ষোভ এখন চরমে। যাত্রীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ‘আমার কলকাতা মেট্রো’ (Kolkata Metro App)অ্যাপ কার্যত অকেজো হয়ে রয়েছে। অ্যাপ খুললেই বারবার ‘এরর’ মেসেজ ভেসে উঠছে। কার্ড রিচার্জ করা যাচ্ছে না, অনলাইন টিকিট কাটার চেষ্টাও ব্যর্থ হচ্ছে। এমনকি কোন সময় কোন মেট্রো রয়েছে, সেই তথ্য জানতেও সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা। স্মার্ট পরিষেবার নামে চালু হওয়া অ্যাপটি যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই সেটি কাজ না করায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।
অন্যদিকে, একাধিক স্টেশনে টিকিট ভেন্ডিং মেশিনে অনলাইন পেমেন্টে সমস্যা দেখা দেওয়ায় যাত্রীদের আবার ভরসা করতে হচ্ছে পুরনো কাউন্টার ব্যবস্থার উপর। কিন্তু প্রতিটি স্টেশনে গড়ে মাত্র ১-২টি কাউন্টার খোলা থাকায় যাত্রীসংখ্যার তুলনায় তা একেবারেই অপ্রতুল। ফলস্বরূপ, লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গিয়ে একের পর এক মেট্রো মিস করছেন যাত্রীরা। অফিসযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী—সকলেই এই দুর্ভোগে অতিষ্ঠ। যাত্রীদের বক্তব্য, ডিজিটাল পরিষেবার সুবিধা দিতে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ চালু করা হয়েছিল। কিন্তু সেই অ্যাপই যদি অধিকাংশ সময় কাজ না করে, তাহলে তার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠছে। অনেকের মতে, এমন অকার্যকর অ্যাপ চালু রাখার বদলে তা সাময়িকভাবে বন্ধ করে দিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়াই ভালো।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এদিকে বিষয়টি যে কর্তৃপক্ষের নজরে এসেছে, তা স্বীকার করেছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষও। তাদের দাবি, বর্তমানে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের আপগ্রেডেশনের কাজ চলছে, যার জেরেই এই সমস্যাগুলি দেখা দিচ্ছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করা হলেও কবে নাগাদ এই সমস্যা পুরোপুরি মিটবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি কর্তৃপক্ষ। আপগ্রেডেশনের আগে যাত্রীদের আগাম জানানো হয়নি কেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। সব মিলিয়ে, নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়েও কলকাতা মেট্রোয় (Kolkata Metro) যাত্রীভোগান্তির যেন কোনও শেষ নেই।
