নিউজ পোল ব্যুরো: অবশেষে মিলল স্বস্তির খবর। সুস্থ হয়ে উঠেছেন শ্রেয়স আইয়ার। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে অনুশীলনে কোনো সমস্যা না হওয়ায় তাঁর দ্রুত প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। অস্ট্রেলিয়া (Australia) সফরের সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আর সেই চোটের কারণে তাঁকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ঘরোয়া ক্রিকেটেও তাঁকে খেলতে দেখা যায়নি। ফলে ভারতীয় দলের মিডল অর্ডারে বড় শূন্যতা তৈরি হয়।
আরও পড়ুন: Gautam Gambhir : গম্ভীরের ওপরই আস্থা রাখছে বিসিসিআই
সম্প্রতি মুম্বইয়ে ব্যাট হাতে অনুশীলন করেছেন শ্রেয়স আইয়ার। সূত্র অনুযায়ী, অনুশীলনের সময় তিনি কোনো ব্যথা বা অস্বস্তি অনুভব করেননি, যা তাঁর ফিটনেস নিয়ে আশাবাদ বাড়িয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি হালকা ফিল্ডিং ও ফিটনেস ড্রিলেও অংশ নিয়েছেন তিনি। এবার তার পুরোপুরি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, নিউজিল্যান্ড (New Zealand) সফর থেকেই ভারতীয় দলে ফিরতে পারেন। তবে তার আগে বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামতে পারেন তিনি। ডানহাতি ব্যাটার এর পর ২ জানুয়ারি জয়পুরে মুম্বইয়ের বিজয় হাজারে ট্রফি দলে যোগ দেবেন। আশা করা হচ্ছে তিনি ৩ এবং ৬ জানুয়ারির ম্যাচে খেলবেন, তার পর ১১ জানুয়ারি থেকে বরোদায় শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ায় যোগ দেবেন।

একজন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) কর্মকর্তা জানিয়েছেন, ‘শ্রেয়সকে ঘিরে ইতিবাচক খবর পাচ্ছি। তিনি খুব সম্ভবত জানুয়ারি ৩ এবং ৬ তারিখে মুম্বইয়ের হয়ে খেলবেন। চূড়ান্ত সূচি নির্ভর করবে সেন্টার অব এক্সেলেন্সের ছাড়পত্রের উপর, তবে জয়পুরে খেলার সম্ভাবনা উজ্জ্বল। তিনি নেটে ভালো ব্যাট করছেন এবং কোনও অস্বস্তিও নেই।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এর আগে শ্রেয়স আইয়ার ২৩ ডিসেম্বর মুম্বইয়ে প্রায় এক ঘণ্টা ব্যাট করেছিলেন কোনও অস্বস্তি ছাড়াই এবং পরবর্তী মূল্যায়নের জন্য সেন্টার অব এক্সেলেন্সে যান। চোট থেকে সেরে ওঠার পর তিনি ইতিমধ্যেই নিয়মিত ফিটনেস ট্রেনিং ও জিমে কাজ শুরু করেছেন। পেটের গুরুতর চোটের কারণে তিনি দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে পারেননি। শ্রেয়স আইয়ারের ওয়ানডে দলে ফেরা বড় স্বস্তি ভারতীয় দলের জন্য।
