নিউজ পোল ব্যুরো: ফের এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ রেলযাত্রীরা। রবিবার গভীর রাতে টাটানগর–এর্নাকুলাম এক্সপ্রেসে (Tata Nagar–Ernakulam Express) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লি এলাকায় আচমকা দাউদাউ করে আগুন ধরে যায় ট্রেনটির দু’টি বাতানুকূল কোচে (Andhra Pradesh Train Fire) । মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় গ্রাস হয়ে যায় বি১ এবং এম২ কোচ। এই দুর্ঘটনায় অন্তত একজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, যদিও মৃতের সংখ্যা এখনও এক জনেই সীমাবদ্ধ রয়েছে বলে জানা গিয়েছে।
রেল ও পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে ইয়ালামানচিল্লি স্টেশনের (Yalamanchili Railway Incident) কাছে। রবিবার রাত আনুমানিক পৌনে একটা নাগাদ আগুন লাগার খবর পৌঁছয় স্থানীয় থানায়। জানা যায়, প্যান্ট্রি কারের ঠিক পাশেই থাকা বি১ এবং এম২ কোচে প্রথম আগুন দেখা যায়। বি১ কোচে ছিলেন ৮২ জন যাত্রী এবং এম২ কোচে ছিলেন ৭৬ জন যাত্রী—মোট ১৫৮ জন যাত্রী ওই দুই কামরায় সফর করছিলেন। লোকো পাইলটের নজরে আগুনের শিখা পড়তেই দ্রুত ট্রেন থামানো হয়। আচমকা আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চিৎকার-চেঁচামেচির মধ্যেই শুরু হয় প্রাণ বাঁচানোর লড়াই। রেলকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় যাত্রীদের দ্রুত কামরা থেকে নামিয়ে আনা হয় (Andhra Pradesh Train Fire)। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত দুটি কোচই সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
আগুন নেভানোর পর বি১ কোচ থেকে এক বৃদ্ধের দগ্ধ দেহ উদ্ধার হয়। মৃতের নাম চন্দ্রশেখর সুন্দর, বয়স প্রায় ৭০ বছর। তিনি বিজয়ওয়াড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। আগুনের ভয়াবহতায় তিনি সময়মতো কামরা থেকে বেরোতে পারেননি। রেলের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় বাকি যাত্রীরা শারীরিকভাবে সুস্থ রয়েছেন, যদিও বহু যাত্রীর লাগেজ ও ব্যক্তিগত সামগ্রী আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। পুড়ে যাওয়া দুই কোচ লাইন থেকে সরানোর পর প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই করে ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় (Andhra Pradesh Train Fire)। উল্লেখযোগ্য বিষয় হল, ওই ট্রেনে মোট প্রায় ২ হাজার যাত্রী ছিলেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
