নিউজ পোল ব্যুরো: মুর্শিদাবাদের (Murshidabad) তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) আবারও নিজের বক্তব্যে দলের অস্বস্তির কারণ হলেন। বারবার সতর্কতা, শোকজ সত্ত্বেও তিনি ফের তৃণমূল নেতৃত্বকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। এবার তিনি জানিয়ে দিলেন, একটিতে নয়, তিনি দুটি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, এবং দুটিতেই জিতে ফের মুখ্যমন্ত্রীর ‘জামাই আদরে’ দলে ফিরবেন।
আরও পড়ুন: Pakistan: “পাকিস্তান কেবল ২৫ কোটি পাকিস্তানির জন্য”, আফগানদের দেশ ছাড়ার নির্দেশ খাজা আসিফের
ভরতপুরের এই পোড়খাওয়া রাজনীতিক বলেন, “আমি রেজিনগর আর বেলডাঙা দুই আসনে লড়ব। দুটোতেই জিতে দেখাব। তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে যাব। তিনি আমাকে জামাই আদরে তৃণমূলে ফেরত নেবেন।” এমন স্পষ্ট মন্তব্যে স্বভাবতই শোরগোল রাজ্য রাজনীতিতে।
তবে হুমায়ুন (Humayun Kabir) এখনও নিশ্চিত করে বলেননি যে তিনি নির্দল হিসেবে দাঁড়াবেন কি না। তার ভাষায়, “৪৩ বছরের রাজনীতি জীবনে এখনও অনেক কিছু বলা বাকি। আমার পলিসি এখনই প্রকাশ করব না।” প্রসঙ্গত, ভরতপুরে তৃণমূলের ব্লক কমিটি এখনও গঠিত হয়নি। এই প্রসঙ্গ তুলে হুমায়ুন (Humayun Kabir) জানান, “১৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে প্যানেল জমা দিয়েছি। সেই প্যানেল মেনে কমিটি ঘোষণা হলে দলীয় সৈনিক হিসেবে লড়ব। না হলে রেজিনগর ও বেলডাঙায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াব।”
তার এই মন্তব্যের পর, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তৃণমূল কি আদৌ হুমায়ুনকে ২০২৬-এর নির্বাচনে প্রার্থী করবে? অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলের অন্দরের অস্থিরতা নিয়ে কটাক্ষ শুরু করেছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “উনি সকালে এক পার্টি করেন, দুপুরে আরেকটা, রাতে তৃতীয় পার্টি। রেজিনগর-বেলডাঙায় দাঁড়ালে তিনি নিশ্চিত হারবেন।” সব মিলিয়ে, তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে ফের নতুন করে আগুন জ্বালালেন হুমায়ুন কবীর। এখন দেখার, দল তাকে শাসন করে থামায়, নাকি উপেক্ষা করে পরিস্থিতি সামাল দেয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
