Editorial: এবার ডিজিটাল যুদ্ধ বাংলার রাজনীতিতে।

সম্পাদকীয়

ডিজিটাল যুদ্ধে নতুন মোড়—বাংলার রাজনীতির ভার্চুয়াল যুদ্ধক্ষেত্র(digital armor)। বাংলার রাজনীতি এখন শুধু মাঠে, সভায়, পোস্টারে সীমাবদ্ধ নয়। সর্বশেষ উদাহরণ—তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের নতুন প্ল্যাটফর্ম “আমি ডিজিটাল যোদ্ধা”—রাজনীতিকে সরাসরি ভার্চুয়াল অঙ্গনে টেনে এনেছে। এককথায়, এটি রাজনৈতিক প্রচারের একটি নতুন অধ্যায়, যেখানে প্রতিদ্বন্দ্বিতা শুধু কর্মসূচিতে নয়, ক্লিক ও কনটেন্টের রণে। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূলের লক্ষ্য স্পষ্ট—যুব সমাজ ও অনলাইন সক্রিয় নাগরিকদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি। রাজনৈতিক কর্মসূচি, সাফল্যের বার্তা ও বিরোধীদের পাল্টা জবাব এখন আর শুধু মাইক্রোফোনে নয়, বরং মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। ডিজিটাল সৈনিকেরা (digital armor)তথ্যযুদ্ধের ময়দানে দলের মুখপাত্র হয়ে উঠবে। প্রতিটি পোস্ট, হ্যাশট্যাগ, ভিডিও ক্লিপ হয়ে উঠবে নির্বাচনী প্রচারের হাতিয়ার।
[ আরও পড়ুন ]  http://দুই বিপরীত চরিত্রের অস্বাভাবিক মৃত্যু ।
এই পদক্ষেপ বঙ্গ বিজেপিকেও চুপ করে থাকতে দিচ্ছে না। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের আইটি সেল নতুন কৌশল ভাবনা শুরু করেছে। জানা যাচ্ছে, তারা “ডিজিটাল প্রহরী”(digital armor) শীর্ষক অভ্যন্তরীণ কর্মসূচি তৈরি করছে, যেখানে বিশেষ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা ফেসবুক, এক্স (টুইটার), ইউটিউব ও ইনস্টাগ্রামে পাল্টা আক্রমণে নামবে। তথ্য যাচাই, ভুয়ো খবর মোকাবিলা ও তথ্য-যুদ্ধ পরিচালনায় বিজেপির দক্ষতাও কিন্তু কম নয়। আগামী বিধানসভা নির্বাচন তাই এক অর্থে “ডিজিটাল দখলযুদ্ধ” হতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হবে প্রচারের সবচেয়ে তৎপর মঞ্চ। জনমত গঠনের প্রক্রিয়া আজ খবরের কাগজ বা চ্যানেলের বাইরে গিয়ে তৈরি হচ্ছে ইউটিউব শর্টস, মিম, ভয়েস ক্লিপ এবং লাইভ সেশন-এ। এখানে প্রযুক্তি যেমন সুযোগ দিচ্ছে, তেমনি ভুল তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের ঝুঁকিও বাড়াচ্ছে। বাংলার রাজনৈতিক সংস্কৃতি ঐতিহ্যগতভাবে আবেগপ্রবণ ও প্রতীকনির্ভর। এখন এই আবেগের নতুন ভাষা হচ্ছে ডিজিটাল। আর এই যুদ্ধে যে দল তথ্যপ্রবাহ ও কনটেন্ট-কৌশলে এগিয়ে থাকবে, তারাই জনমতের তরঙ্গ ধরতে পারবে। তাই বলা যায়, “আমি ডিজিটাল যোদ্ধা” শুধু একটি অ্যাপ বা প্রচার-পদ্ধতি নয়, এটি বাংলার রাজনৈতিক যুদ্ধনীতির রূপান্তর। আজ বাংলার গ্রামে গঞ্জে বাংলার মানুষের হাতে হাতে যে মোবাইল সারাক্ষণ চলছে, তার ক্ষমতাকে কাজে লাগানো এই নেটযুদ্ধের কারণ। মাটির আন্দোলনের পাশাপাশি এখন প্রয়োজন অনলাইন উপস্থিতির লড়াই। যা জেনারেশন জেডের স্ক্রলিং-র সময় সামনে এসে পড়বে। নেট জোগানের সমস্যা হলে আগামীদিনে দলগুলি রিচার্জ বুথও খুলে দিতে পারে! “মেঘনাদ বধ ” কাব্যের বর্ণনা মত মেঘের আড়ালে, রোদ আর বৃষ্টির আলোছায়ায় এই যুদ্ধ আধুনিক সময়ের সাথে ভীষণ সাযুজ্য বয়ে নিয়ে আসে। দেখার বিষয় একটাই। ২০২৬ সালের ভোটের আগে এই দ্বিমুখী সংগ্রামই নির্ধারণ করবে, বাংলার ডিজিটাল ময়দানে কার জয়গান বাজবে।