Mehul Choksi: ‘ঋণখেলাপি’ মেহুল চোকসিকে ফেরাতে বাধা নেই! প্রত্যর্পণ মামলায় জয় পেল ভারত

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: মেহুল চোকসি (Mehul Choksi) প্রত্যর্পণ মামলায় এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য অর্জন করল ভারত। দীর্ঘদিন ধরে চলতে থাকা আইনি টানাপোড়েনের অবসান ঘটিয়ে বেলজিয়ামের সুপ্রিম কোর্ট (Supreme Court) ঘোষণা করেছে যে, পিএনবি কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত ও পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে (Mehul Choksi) ভারতে ফেরানোয় আর কোনও আইনি বাধা নেই। এর আগে বেলজিয়ামের নিম্ন আদালতই তার প্রত্যর্পণে সম্মতি জানিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে চোকসি দেশটির সর্বোচ্চ আদালতে মাথা ঠুকেছিলেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও তাঁর আবেদন খারিজ করে দিল।

আরও পড়ুন: High Court: সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য করে উচ্চ-প্রাথমিকে নিয়োগের নির্দেশ হাই কোর্টের

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) প্রায় ১৩ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে গুজরাটের এই ব্যবসায়ীর বিরুদ্ধে। ২০১৮ সালে কেলেঙ্কারি সামনে আসার পরই তিনি দেশ ছাড়েন এবং লাপাত্তা হয়ে যান। তার ভাইপো নীরব মোদির মতো তিনিও বিভিন্ন দেশে আশ্রয় নেন। প্রথমে অ্যান্টিগায় গিয়ে নাগরিকত্ব নেওয়ার দাবি তুললেও পরে জানা যায়, তিনি ভারতীয় নাগরিকত্ব প্রকৃত অর্থে ত্যাগ করেননি। ফলে ভারত সরকার নিয়ম মেনেই বিদেশি সরকারের কাছে তাঁর প্রত্যর্পণ চায়।

২০২৪ সালে সিবিআই (CBI) জানতে পারে যে চোকসি তত দিন বেলজিয়ামে আত্মগোপন করে আছেন। সঙ্গে সঙ্গে নয়াদিল্লি সরকার বেলজিয়ামের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁকে ফেরানোর অনুরোধ জানায়। আদালতের নির্দেশে বিগত এপ্রিল মাসে এক হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তারও করা হয়। পরে অক্টোবরে বেলজিয়ামের আদালত স্পষ্ট জানায় যে ভারতের অনুরোধ আইনসম্মত, এবং চোকসিকে ভারতে পাঠাতে কোনও বাধা নেই।

তবে চোকসি (Mehul Choksi) দাবি করেন, তাকে ভারতে পাঠানো হলে তার উপর নির্যাতন হতে পারে এবং ভারতীয় কারাগারের পরিবেশ নাকি তাঁর উপযোগী নয়। ভারত সরকার এই যুক্তিকে সরাসরি চ্যালেঞ্জ করে। নয়াদিল্লি আদালতে জানায় যে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনও ধরনের বেআইনি আচরণ হবে না। ভারতের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলের ভিডিও ও ছবিও জমা দেওয়া হয়। সব দিক বিবেচনা করেই বেলজিয়ামের সুপ্রিম কোর্ট পুনরায় ভারতের অবস্থানকেই সঠিক বলে মেনে নেয়।

চোকসির আবেদন খারিজ হওয়ার ফলে এবার আর কোনও আইনি জটিলতা রইল না। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি এখন প্রত্যর্পণ প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু করতে পারবে। প্রক্রিয়া সম্পূর্ণ হলেই পলাতক ঋণখেলাপিকে দেশে ফিরিয়ে আনা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole