নিউজ পোল ব্যুরো: ওয়াশিংটনে একজন প্রবীণের মৃত্যু সম্প্রতি মার্কিন জনস্বাস্থ্য কর্তাদের নতুন করে ভাবাচ্ছে। তদন্তে জানা গেছে, তিনি H5N5 টাইপের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে (Bird Flu Virus) আক্রান্ত ছিলেন। যে ধরনের ভাইরাস এতদিন মানুষের শরীরে কখনও ধরা পড়েনি। এই বিরল সংক্রমণটিই এখন গবেষকদের আরও গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণে বাধ্য করছে।
আরও পড়ুন: Collagen: হায়ালুরোনিক অ্যাসিড নয়, অ্যালোভেরাই বাড়াবে কোলাজেন!
সিএনএন–এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সামগ্রিক দৃষ্টিকোণ থেকে এখনই একটি নতুন মহামারীর (Bird Flue Virus) আশঙ্কা নেই। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভাইরাসের এই অপ্রত্যাশিত আবির্ভাবকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। বিখ্যাত গবেষক ড. রিচার্ড ওয়েবি মন্তব্য করেছেন এই ভাইরাসের মধ্যেই ভবিষ্যতের বড় বিপদের বীজ লুকিয়ে থাকতে পারে। তার বক্তব্য, “আমরা কতটা আতঙ্কিত হওয়া উচিত তা নিয়ে বিতর্ক করা সম্ভব। কিন্তু ভাইরাস কীভাবে আচরণ করবে, সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলার উপায় নেই। সময়ই আমাদের দেখাবে কতদূর ঝুঁকি তৈরি হতে পারে।”
মার্কিন স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭০ জন বার্ড ফ্লু আক্রান্তের (Bird Flue Virus) খোঁজ পাওয়া গেছে, যার মধ্যে সাম্প্রতিক এই মৃত্যু বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। মৃত ব্যক্তির আগে থেকেই বেশ কয়েকটি শারীরিক জটিলতা ছিল এবং তিনি কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে কীভাবে তাঁর দেহে ভাইরাস প্রবেশ করল, সে বিষয়ে প্রাথমিক ধারণা হচ্ছে বাড়ির পেছনে থাকা তাঁর নিজস্ব পোলট্রি ফার্ম থেকেই সংক্রমণ ছড়িয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বার্ড ফ্লুর উপসর্গ প্রথমে সাধারণ জ্বর, চোখ লাল হওয়া বা হালকা শ্বাসকষ্টের মতো দেখতে হলেও কিছু ক্ষেত্রে শুরু থেকেই লক্ষণ তীব্র হতে পারে। শুধু পাখিই নয়, গবাদি পশু থেকেও ভাইরাস ছড়ানোর ঘটনা ধরা পড়েছে, যা উদ্বেগের মাত্রা আরও বাড়াচ্ছে। এ অবস্থায় পোলট্রি বা গবাদি পশুপালনে জড়িত মানুষদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত পশুপাখির মলমূত্র পরিষ্কারের সময় ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া এখন অত্যন্ত জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
