নিউজ পোল ব্যুরো: মার্কিন হামলার আশঙ্কা ঘনাতেই ইরানের (Iran) সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এমনই দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ওই রিপোর্টগুলিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় দায়িত্বের একটি অংশ সামলাচ্ছেন তাঁর তৃতীয় পুত্র মাসুদ খামেনেই। আরও দাবি, দায়িত্ব নেওয়ার পরই তিনি ইন্টারনেট ব্যবহারে আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার নির্দেশ দিয়েছেন। যদিও এ বিষয়ে ইরান (Iran) সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন: Lashkar Water Force threat:আবার কি ২৬/১১-এর ছক? জলপথে ভারতে ঢোকার ভয়ঙ্কর পরিকল্পনা লস্কর-জইশের
খামেনেই বাঙ্কারে রয়েছেন এই দাবিও তেহরানের তরফে সরাসরি স্বীকার বা অস্বীকার করা হয়নি। তবে শনিবার মুম্বইয়ে ইরানের কনসাল জেনারেল সৈয়দ রেজা মোজায়েব মোতলাঘ একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা থাকায় সর্বোচ্চ ধর্মীয় নেতার নিরাপত্তা অবশ্যই জোরদার করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভয়ে খামেনেই বাঙ্কারে লুকিয়ে রয়েছেন এই দাবি সঠিক নয়।
এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, একটি বিশাল মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ার দিকে অগ্রসর হচ্ছে। দাভোস সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রয়োজনে ব্যবহারের জন্যই ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে। যদিও তাঁর কথায়, তিনি চান না পরিস্থিতি সংঘাতের দিকে গড়াক, তবুও ইরানের উপর কড়া নজর রাখা হচ্ছে।
সংবাদমাধ্যমগুলির দাবি, ট্রাম্পের এই মন্তব্যের পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আয়াতোল্লা খামেনেইকে ভূগর্ভস্থ সুরক্ষিত বাঙ্কারে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য তৈরি সুড়ঙ্গঘেরা এই নিরাপদ ঘাঁটিতেই তিনি অবস্থান করছেন বলে অনুমান। একই সঙ্গে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে এবার কোনও হামলাই আর হালকা ভাবে নেওয়া হবে না। ইরানের (Iran) এক শীর্ষ আধিকারিক জানান, ছোট বা বড়, যে কোনও ধরনের আক্রমণকেই পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে গণ্য করা হবে এবং তার কঠোরতম জবাব দেওয়া হবে।
ইরানের কনসাল জেনারেল মোতলাঘও বলেন, দেশের আত্মরক্ষার ক্ষমতা আগেও প্রমাণিত হয়েছে। ইরানের ভূখণ্ড বা সার্বভৌমত্বে আঘাত এলে, সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করতে দেশ সম্পূর্ণ প্রস্তুত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
