Madhumita Sarcar: প্রীতিভোজে কালীপুজোর আবহ, ‘ভোলেবাবা’র আশীর্বাদে লাল-সাদা জাদু, শোভাবাজার রাজবাড়িতে মধুমিতা-দেবমাল্যের চমক!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: শীতশেষের হালকা হিমেল হাওয়াকে সাক্ষী রেখে রবিবার সন্ধ্যায় শোভাবাজার রাজবাড়িতে বসেছিল অভিনেত্রী মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তীর বিয়ের প্রীতিভোজের জমজমাট আসর। বিয়ের আগে শিবমন্দিরে গিয়ে আশীর্বাদ নেওয়ার পর যেমন ‘ভোলেবাবা’র উপস্থিতি তাঁদের জীবনের শুরুতে ছায়া ফেলেছিল, তেমনই প্রীতিভোজেও সেই আধ্যাত্মিক আবহকে সঙ্গে রেখেই পরিকল্পিত ছিল পুরো আয়োজন। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে সাজানো এই সন্ধ্যার কেন্দ্রে ছিলেন মধুমিতা (Madhumita Sarcar)। শোভাবাজার রাজবাড়ির লাল-সাদা ঐতিহ্যবাহী রূপকে আরও উজ্জ্বল করে তুলেছিলেন দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট প্ল্যানার দেবজিৎ ভট্টাচার্য ও তাঁর দল। লাল গোলাপ আর সাদা রজনীগন্ধার সমাহারে সাজানো মঞ্চ যেন কালীপুজোর রাতেরই প্রতিচ্ছবি। প্রীতিভোজের থিমও ছিল কালীপুজোর আবহে—আলো, রঙ আর উৎসবের উচ্ছ্বাসে ভরপুর। সেই আবহে লাল ও সাদা রঙের পোশাকে সেজে উঠেছিলেন নবদম্পতি।

আরও পড়ুন:Amitabh Bachchan: কেবিসির শেষ দিনের শ্যুটে আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন, ফিরবেন কি পরের সিজনে?

দেবমাল্য পরেছিলেন জরির কাজ করা সাদা শেরওয়ানি ও দুধসাদা জ্যাকেট, সঙ্গে সোনার গয়নার সংযমী ঝলক। আর মধুমিতা (Madhumita Sarcar) বেছে নিয়েছিলেন লাল ও রানি রঙের মিশেলে সিল্কের শাড়ি, যেখানে সিকুইন ও জরির কাজ আলাদা করে নজর কাড়ে। খোলা চুলে লাল গোলাপ, গলায় কুন্দনের গয়না—সব মিলিয়ে অভিনেত্রীর সাজে ছিল আত্মবিশ্বাসী সৌন্দর্য ও উৎসবের উষ্ণতা। তারকাখচিত বিয়ের পর প্রীতিভোজেও কি তারকার ভাটা? একেবারেই নয়। সন্ধ্যায় উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। রাতের দিকে হাজির হন মধুমিতা (Madhumita Sarcar) অভিনীত ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-র টিমের একাধিক সদস্য। যদিও ব্যস্ততার কারণে কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী রোশনি ভট্টাচার্য কিংবা বন্ধু তৃণা সাহা আসতে পারেননি।

খাবারের মেনুতেও ছিল এলাহি আয়োজন। ফুচকার পর গন্ধরাজ ঘোল, আমপোড়া সরবত, মিন্ট লেমন ডাবের জল ও কেশর চা অতিথিদের স্বাগত জানায়। টুকটাক মুখ চালানোর পর পাত পেড়ে বসে শুরু হয় ভোজ—লুচি, কড়াইশুঁটির কচুরি, আলুরদম থেকে শুরু করে বাসন্তি পোলাও, চিংড়ির মালাইকারি, দই কাতলা ও গোলবাড়ির কষা মাংস। শেষপাতে রসগোল্লা, রসমালাই আর জিলিপিতে মিষ্টিমুখ। এই প্রীতিভোজে স্পষ্ট, আড়ম্বরের মাঝেও পারিবারিক উষ্ণতা আর বিশ্বাসের ছাপ রেখে গিয়েছেন মধুমিতা (Madhumita Sarcar)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole