Indian: “তুমি তো আমাদের ক্রীতদাস”, ভারতীয় কর্মীকে এই মন্তব্যের দায়ে ৮১ লক্ষ টাকা জরিমানা ব্রিটিশ কোম্পানিকে

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ব্রিটেনে এক ভারতীয় যুবককে (Indian) ‘ক্রীতদাস’ বলে অপমান করার অভিযোগে বড়সড় ক্ষতিপূরণের নির্দেশ দিল আদালত। বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ও অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে প্রায় ৬৭ হাজার পাউন্ড, অর্থাৎ ভারতীয় (Indian) মুদ্রায় প্রায় ৮১ লক্ষ টাকার বেশি ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিয়েছে আদালত। ঘটনাটি দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁকে কেন্দ্র করে।

আরও পড়ুন: Shatadru Dutta : হাতেই গীতা নিয়ে আদালতে শতদ্রু দত্ত! জামিন আবেদন খারিজ – মেসি কলকাতা সফরের মূল উদ্যোক্তার জেল হেফাজতে

আদালত সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর (Tamilnadu) বাসিন্দা মধেশ রবিচন্দ্রন লন্ডনের একটি কেএফসি আউটলেটে কর্মরত ছিলেন। অভিযোগ, ওই রেস্তোরাঁর ম্যানেজার কাজন নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে দুর্ব্যবহার করতেন। শ্রীলঙ্কার বাসিন্দা ওই ম্যানেজার নাকি একাধিকবার মধেশকে ‘ক্রীতদাস’ বলে সম্বোধন করেন এবং ভারতীয়দের (Indian) প্রতারক বলে অপমানজনক মন্তব্য করেন। এই ধরনের আচরণে মানসিকভাবে ভেঙে পড়েন মধেশ।

মামলার শুনানিতে বিচারক পল অ্যাবট স্পষ্টভাবে জানান, অভিযুক্ত ম্যানেজারের আচরণ ছিল চরম বর্ণবিদ্বেষমূলক এবং অমানবিক। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মধেশকে অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির কোনও বাস্তব ভিত্তি ছিল না। বরং কর্মক্ষেত্রে তাঁকে অতিরিক্ত কাজের চাপ দেওয়া হয়েছিল এবং বারবার অপমান সহ্য করতে হয়েছিল।

বিচারক আরও বলেন, কর্মক্ষেত্রে এই ধরনের বর্ণবৈষম্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ক্ষতিপূরণ হিসেবে অভিযুক্তকে বিপুল অঙ্কের অর্থ দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন আচরণ করার আগে তিনি সাবধান হন। পাশাপাশি আদালত কড়া ভাষায় জানিয়ে দেয়, কর্মক্ষেত্রে জাতি বা বর্ণের ভিত্তিতে কাউকে হেনস্তা করা আইনত গুরুতর অপরাধ।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে মধেশ রবিচন্দ্রন ওই রেস্তোরাঁয় কাজ শুরু করেন। শুরুতে সব ঠিকঠাক থাকলেও কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি বদলাতে থাকে। জুলাই মাস নাগাদ অপমান ও চাপ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হন মধেশ। আদালতের এই রায়কে মানবাধিকার এবং কর্মক্ষেত্রে সমতার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ নজির বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole