Collagen: হায়ালুরোনিক অ্যাসিড নয়, অ্যালোভেরাই বাড়াবে কোলাজেন!

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: ত্বকের তারুণ্য ও স্থিতিস্থাপকতা ধরে রাখার মূল উপাদান হল কোলাজেন (Collagen)—একটি প্রোটিন, যা চামড়াকে টানটান, কোমল ও মসৃণ রাখে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো, ঘুমের ঘাটতি, মানসিক চাপ, দূষণ ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরে কোলাজেনের পরিমাণ কমে যেতে থাকে।

 

আরও পড়ুন: Healthy chocolate: বাড়িতেই বানান স্বাস্থ্যকর চকোলেট! শিশুদের জন্য তিন সহজ পদ্ধতিতে তৈরি করুন পুষ্টিকর চকোলেট

 

ফলস্বরূপ দেখা দেয় বলিরেখা, ত্বক শিথিলতা ও উজ্জ্বলতা হারানোর সমস্যা। এই কারণেই এখন কোলাজেন উৎপাদন বাড়ানো নিয়ে সচেতন হয়েছেন সবাই—চাই তা খাদ্যাভ্যাসের মাধ্যমে হোক বা প্রসাধনী ব্যবহারে। কিন্তু জানেন কি, আপনার বাড়ির বারান্দায় নিঃশব্দে বেড়ে ওঠা অ্যালো ভেরা গাছেই রয়েছে প্রাকৃতিক কোলাজেন (Collagen) বৃদ্ধির রহস্য?

 

অ্যালোভেরার পাতার মধ্যে যে ঘন স্বচ্ছ জেল থাকে, তাতে থাকে গ্লুকোম্যানান নামে এক প্রাকৃতিক শর্করা। এই উপাদানটি ত্বকের ফাইব্রোব্লাস্ট কোষকে সক্রিয় করে তোলে—যে কোষগুলি কোলাজেন তৈরি করে। ফলে নিয়মিত অ্যালো ভেরা জেল ব্যবহারে ত্বকের গভীরে কোলাজেন উৎপাদন বাড়ে, ত্বক হয় টানটান, মসৃণ ও নমনীয়। এছাড়াও অ্যালো ভেরার অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ ত্বককে দূষণ ও বয়সজনিত ক্ষতি থেকে রক্ষা করে।

 

অ্যালো ভেরার কোলাজেন জেল তৈরির পদ্ধতি

এই জেল বানাতে প্রয়োজন কয়েকটি সাধারণ উপকরণ—

– ২টি অ্যালোভেরার পাতা

– ১ টেবিল চামচ নারকেল তেল (ঐচ্ছিক, ত্বককে ময়েশ্চারাইজ় করার জন্য)

– ১টি ভিটামিন ই-র ক্যাপসুল (অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কার্যকর)

– ১ টেবিল চামচ জিলাটিন (কোলাজেন বৃদ্ধিতে সহায়ক)

– ২ টেবিল চামচ পরিশোধিত গোলাপজল

 

প্রথমে অ্যালোভেরার পাতাগুলি ধুয়ে খোসা ছাড়িয়ে ভিতরের জেল বার করে নিন। এরপর জেলের সঙ্গে নারকেল তেল, ভিটামিন ই ও গোলাপজল ভালোভাবে মিশিয়ে নিন। অন্য পাত্রে অল্প গরম জলে জিলাটিন গুলে নিয়ে এই মিশ্রণে যোগ করুন। মিহি করে নাড়িয়ে নিন যাতে একটানা মিশ্রণ তৈরি হয়। এবার বায়ুরোধক কাচের পাত্রে রেখে দিন—ফ্রিজে রাখলে প্রায় এক সপ্তাহ পর্যন্ত টাটকা থাকবে এই জেল।

 

ব্যবহারবিধি

রাতের বেলা মুখ ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে জেলটি মুখ ও গলায় লাগান। আলতো করে গালে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। প্রায় ২০ মিনিট রেখে গরম জলে ধুয়ে ফেলুন। ইচ্ছা করলে এটি সারা রাত মুখে রেখেও ঘুমোতে পারেন—পরদিন সকালে মুখ ধুয়ে নিলেই হবে। সপ্তাহে ২-৩ বার এই পদ্ধতি অনুসরণ করলে ত্বক ধীরে ধীরে টানটান ও উজ্জ্বল হয়ে উঠবে।

 

এই ঘরোয়া উপায়টি যেমন সহজ, তেমনই ব্যয়সাশ্রয়ী ও সম্পূর্ণ প্রাকৃতিক। কোলাজেন বৃদ্ধির পাশাপাশি অ্যালো ভেরা জেল ত্বকের জ্বালা, রোদে পোড়া ভাব ও শুষ্কতাও দূর করে। ফলে দামি প্রসাধনী ছাড়াই ঘরোয়া উপায়ে ফিরে পাবেন তারুণ্যভরা মসৃণ ত্বক।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole