নিউজ পোল ব্যুরো: নতুন বছরের শুরুতেই ফের অস্থিরতা ছড়াল তথ্যপ্রযুক্তি দুনিয়ায়। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ ২৭ জানুয়ারি এক ধাক্কায় প্রায় ১৬ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে ই-কমার্স জায়ান্ট আমাজন (Amazon)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে, বিশেষ করে ভারতে কর্মরত আমাজনের (Amazon) কর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, ২০২৬ সালের মধ্যে প্রায় ৩০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করেছে আমাজন। মনে করা হচ্ছে, ২৭ জানুয়ারির এই ছাঁটাই সেই বৃহত্তর কর্মী সংকোচনেরই অংশ। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে পারে ভারতে থাকা আমাজনের (Amazon) বিভিন্ন টিমের উপর, কারণ খরচ কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন : Kolkata: আনন্দপুরে মোমো তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, জতুগৃহে মৃত্যু বেড়ে ৮
রিপোর্ট অনুযায়ী, আগামী দিনেও আরও বড় আকারে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে। এতে করে আমাজনের (Amazon) ভারতীয় অপারেশন, বিশেষত প্রযুক্তিনির্ভর বিভাগগুলি বড় চাপে পড়বে বলে আশঙ্কা। সূত্রের দাবি, আমাজন ওয়েব সার্ভিসেস (AWS) এবং প্রাইম ভিডিও (Prime Video)-র মতো গুরুত্বপূর্ণ বিভাগে কর্মীসংখ্যা কমানো হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হল, গত বছরের অক্টোবর মাসেই সংস্থাটি প্রায় ১৪ হাজার ‘হোয়াইট-কলার’ কর্মীকে ছাঁটাই করেছিল। সেই প্রবণতা যে এখনও অব্যাহত, তা স্পষ্ট। পরিসংখ্যান বলছে, ২০২২ সালে আমাজন (Amazon) প্রায় ২৭ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল। তার পরের বছর অর্থাৎ ২০২৩ সালে আরও প্রায় ৩০ হাজার কর্মী চাকরি হারান। করোনা অতিমারির সময়ে অনলাইন পরিষেবা নির্বিঘ্ন রাখতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করেছিল সংস্থাটি। কিন্তু বর্তমান আর্থিক বাস্তবতায় সেই অতিরিক্ত কর্মীসংখ্যাকেই ‘বোঝা’ হিসেবে দেখছে আমাজন। খরচ নিয়ন্ত্রণে রাখতেই তাই বারবার কর্মী সংকোচনের পথে হাঁটছে তারা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
যদিও সংস্থার তরফে ব্যয় সঙ্কোচনের যুক্তি দেওয়া হচ্ছে, বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এর নেপথ্যে বড় ভূমিকা নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence)। সাম্প্রতিক রিপোর্টে দাবি, এআই গবেষণা ও উন্নয়নে বিপুল বিনিয়োগ করছেন জেফ বেজোস। শুধু আমাজন (Amazon) নয়, গত কয়েক বছরে ফ্লিপকার্ট (Flipkart) সহ একাধিক প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। এমনকি ভারতের বৃহত্তম আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-ও কর্মী সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে। ফলে একের পর এক সংস্থায় ছাঁটাইয়ের ঘটনায় কর্মসংস্থান নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে।
