Mamata Banerjee: নবান্নে মমতা-অখিলেশ রুদ্ধদ্বার বৈঠক! SIR আবহে কেন্দ্রের বিরুদ্ধে কি বড় কোনো রণকৌশল?

কলকাতা

নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) সংক্রান্ত রাজনৈতিক টানাপড়েনের আবহে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দিল্লি সফরের আগেই জাতীয় স্তরে বিরোধী জোটের ঐক্য আরও একবার দৃঢ় করার সুযোগ তৈরি হল। মঙ্গলবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে সোমবারই স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতায় (Kolkata) পৌঁছন অখিলেশ। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বাংলার সাম্প্রতিক একাধিক রাজনৈতিক ইস্যু এসআইআর প্রসঙ্গ, আইপ্যাক অফিসে ইডি হানা এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। সেইসঙ্গে বিজেপিকে (BJP) আক্রমণ করে তিনি মন্তব্য করেন, বাংলায় গেরুয়া শিবিরের পরাজয় এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: Howrah: সামান্য বচসা থেকে বোমাবাজি টিকিয়াপাড়ায়! বিরিয়ানি দোকানের গোলমালে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন সমাজবাদী পার্টি নেতা। ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক হিসেবে তৃণমূল ও সমাজবাদী পার্টির সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, এই আলোচনায় রাজ্য ও জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতির পাশাপাশি আসন্ন নির্বাচনের কৌশল নিয়েও কথা হতে পারে।

নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অখিলেশ যাদবের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে দু’জন একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে। এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ ও বার্তার দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole