Delhi High Court: ডিজি নিয়োগে জট কাটেনি! রাজীব কুমারের পরবর্তী পদ ঘিরে আদালতে মুখোমুখি ইউপিএসসি–ক্যাট

দেশ

নিউজ পোল ব্যুরো: রাজীব কুমারের পরে কে হবেন রাজ্য পুলিশের পরবর্তী ডিজি? তা নিয়ে আইনি জটিলতা আরও বৃদ্ধি পেল। আগামী বৃহস্পতিবারের মধ্যে পরবর্তী ডিজি হিসাবে তিন জনের নামের প্যানেল রাজ্য সরকারের কাছে পাঠানোর কথা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর। এরই মধ্যে ট্রাইবুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল তারা। ইউপিএসসি-র বক্তব্য, ট্রাইবুনালের নির্দেশ সুপ্রিম কোর্টের পূর্ববর্তী এক নির্দেশের পরিপন্থী।রাজ্য পুলিশে বর্তমানে কোনও স্থায়ী ডিজি নেই। ‘ভারপ্রাপ্ত’ বা ‘অস্থায়ী’ ডিজি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব। আগামী ৩১ জানুয়ারি তাঁর অবসর নেওয়ার কথা। বৃহস্পতিবার তাঁর সরকারি বিদায় সংবর্ধনার দিন স্থির হয়েছে। এরই মধ্যে ইউপিএসসি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হওয়ায় রাজ্যের পরবর্তী ডিজি নিয়োগ ঘিরে আইনি জট আরও বৃদ্ধি পেল।

আরও পড়ুন:SIR in West Bengal: এসআইআর শুনানিতে রসিদ না দেওয়ার অভিযোগ, সুপ্রিম নির্দেশ মানা হচ্ছে না বলে দাবি ভোটারদের

সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট) গত ২১ জানুয়ারি রাজ্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। সেখানে বলা হয়, ২৩ জানুয়ারির মধ্যে রাজ্য প্রস্তাবিত নামের তালিকা ইউপিএসসি-কে পাঠাবে। ইউপিএসসি-কে ২৮ জানুয়ারির মধ্যে ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র একটি বৈঠক করতে হবে। তার পরে প্যানেল প্রস্তুত করে ২৯ জানুয়ারির মধ্যে তা রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কিন্তু ক্যাটের এই নির্দেশ নিয়ে আপত্তি রয়েছে ইউপিএসসি-র। এ প্রসঙ্গে ২০০৬ সালের প্রকাশ সিংহ বনাম কেন্দ্রীয় সরকারের এক মামলায় সুপ্রিম কোর্টের রায়ের কথাও উল্লেখ করেছে তারা। ওই রায়ে পুলিশ বিভাগে সংস্কারের জন্য বেশ কিছু পদক্ষেপের কথাও উল্লেখ ছিল। সেই রায়ের কথা উল্লেখ করে ইউপিএসসি-র দাবি, পুলিশ নিয়োগকে রাজনৈতিক এবং আধিকারিক স্তরের হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্যই ওই বিধিগুলি তৈরি করা হয়েছিল। কিন্তু যে ভাবে সময়সীমা বেঁধে এই প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, তাতে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ লঙ্ঘন হয়েছে বলেই মনে করছে তারা। সেই কারণেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে।