নিউজ পোল ব্যুরো: কিছু মানুষের লালসা কতটা বিকৃত হতে পারে সেই প্রমাণই মিলল বিহারে। অসুস্থকে যেখানে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া জরুরি সেখানে অ্যাম্বুলেন্সের মধ্যেই ঘটল গণধর্ষণের ঘটনা। বিষয়টি সামনে আসার পরেই নারী সুরক্ষা কোথায় এই নিয়েই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গেই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিহারের (Bihar) গয়া জেলায় হোমগার্ড (Home Guard Test) নিয়োগ অভিযানে অংশগ্রহণকারী ২৬ বছর বয়সী এক নারীকে চলন্ত অ্যাম্বুলেন্সে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পরীক্ষার আগে শারীরিক পরীক্ষার সময় পরীক্ষার্থী অজ্ঞান হয়ে গেলে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। ২৪ জুলাই বোধগয়ার বিহার মিলিটারি পুলিশ মাঠে চলমান হোমগার্ড নিয়োগের জন্য ফিজিক্যাল টেস্ট চলাকালীন অনুশীলনের সময় এই অভিযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, চাকরিতে নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতির অংশ হিসেবে শারীরিক সহনশীলতা পরীক্ষার সময় মহিলা অজ্ঞান হয়ে পড়েন। পরীক্ষার আয়োজকরা ঘটনাস্থলে থাকা একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তারপরেই মহিলার অভিযোগ, অজ্ঞান অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে।
নির্যাতিতার বক্তব্যের পর, বিহারের (Bihar) বোধগয়া থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়। বিষয়টি তদন্তের জন্য একটি এসআইটি (SIT) এবং একটি ফরেনসিক দল মোতায়েন করা হয়। এফআইআর দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই, এসআইটি (SIT) অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমার নামে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। বর্তমানে দুই ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আশেপাশের সিসিটিভি ফুটেজ থেকে গাড়ির রুট এবং সময়রেখা সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
