নিউজ পোল ব্যুরো: উত্তর লন্ডনের হাইগেট সিমেটারির শীতল বাতাসে দাঁড়িয়ে কার্ল মার্ক্স (Karl Marx) হয়তো ঘুরে দাঁড়াতেন, যদি পারতেন। কেননা তার বিখ্যাত সমাধিফলকের নীচে রাখা হয়েছিল একটি লাবুবু পুতুল (Labubu Doll) পুঁজিবাদের সবচেয়ে চটকদার, ঝাঁকুনি-দাঁতের প্রতীক। যেখানে খোদাই করে লেখা “পৃথিবীর শ্রমিকেরা, এক হও!”, সেখানে বসে আছে এক খেলনা, যা সম্ভবত “শেষ পর্যায়ের ভোগবাদের” মূর্ত প্রতীক।
ছবিটি ভাইরাল, ভিউ ছাড়িয়েছে এক কোটিরও বেশি। ইন্টারনেটের (Internet) লোকজন হাসছে, ভাবছে, কাঁদছে—বা অন্তত লাইক দিয়ে যাচ্ছিল। কেউ লিখলেন, “মার্ক্সের সমাধিতে লাবুবু (Labubu Doll)! একেই বলে সার্থক বিদ্রূপ!” আরেকজন ঠাট্টা করলেন, “মার্ক্স (Marx) তোমায় ঘৃণা করতেন, ছোট্ট পুতুল!” কিন্তু প্রশ্নটা গভীর, একটি খেলনার উপস্থিতি কি আসলে আমাদের সময়ের আইডিওলজিকাল সংঘাতের প্রতীক হয়ে উঠেছে?
লাবুবু: পুঁজিবাদের পরীর গল্প
হংকংয়ের শিল্পী ক্যাসিং লুং-এর তৈরি লাবুবু পুতুল (Labubu Doll) পপ মার্টের “দ্য মনস্টার্স” সংগ্রহের অংশ। এর ব্যবসায়িক মডেল স্পষ্টভাবে রোমাঞ্চ ও আকাঙ্ক্ষার উপর দাঁড়ানো—ব্লাইন্ড বাক্স, সীমিত সংস্করণ, চমকের সম্ভাবনা। প্রতিটি পুতুল যেন বলে, “তুমি আমাকে পাবে কি না, সেটাই মজা!” যেন খেলনা না, এক ধরনের ‘জুয়া’। এই পুতুল এখন কেবল একটি খেলনা নয়—এটি একটি স্ট্যাটাস সিম্বল, যা রিহানা থেকে দুয়া লিপা পর্যন্ত বহন করেন। দাম? সীমিত সংস্করণে পৌঁছে যায় হাজার হাজার ডলারে। ভারতে খাঁটি পুতুলের দাম শুরু ২০০০ টাকা থেকে, কিন্তু নকলগুলো ২০০ টাকাতেও পাওয়া যায়। একে কি বলা যায় না, চরম পণ্যায়নের উদাহরণ?
মার্ক্স যা লিখেছিলেন, লাবুবু যেন সেটাই প্রমাণ করে
মার্ক্স (Karl Marx) লিখেছিলেন, পুঁজিবাদ এমন এক ব্যবস্থা যেখানে আকাঙ্ক্ষা কৃত্রিমভাবে তৈরি হয় এবং ভোগ আমাদের পরিচয় হয়ে ওঠে। লাবুবু তার প্রতিচ্ছবি—এমন এক পণ্য যা আমাদের “চাওয়া”-কে শিল্প করে তোলে, দরকার না থাকলেও। মার্ক্সের সমাধিতে এর উপস্থিতি যেন ঠিক একটা বাস্তবিক জবাব!
ভালোবাসা ও ভাবনা: এক ছাত্রের চিঠি
সব বিদ্রুপের মাঝে ছিল এক উষ্ণ ব্যতিক্রম। এক চীনা ছাত্রের হাতে লেখা চিঠি। যেখানে তিনি মার্ক্সের লেখা “The Communist Manifesto” আর “Critique of the Gotha Program” পড়ে তার জীবনে কী প্রভাব ফেলেছে, সেটাই জানিয়েছেন আন্তরিকভাবে। তিনি লিখেছেন, “আমি দেখতে আলুর মতো, কিন্তু স্বপ্ন দেখি একদিন আপনার জন্য সেদ্ধ আলু রান্না করব।” এটা শুধু মজার নয়, মনে করিয়ে দেয়—মার্ক্স একদিন কৃষকদের তুলনা করেছিলেন আলুর বস্তার সঙ্গে! সংযুক্ত কিন্তু বিচ্ছিন্ন। এই ছাত্রের চিঠি হয়তো খুব একটা ভাইরাল হয়নি। কারণ, ভাইরাল হতে আজকাল ভাবনা নয়, লাগে লাবুবু।
