High Court: সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য করে উচ্চ-প্রাথমিকে নিয়োগের নির্দেশ হাই কোর্টের

কলকাতা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র নিয়োগ নিয়ে চলতে থাকা বিতর্কের মধ্যেই ফের আলোচনার কেন্দ্রে উঠে এল উচ্চ-প্রাথমিক বিভাগের শিক্ষক নিয়োগের পুরনো প্যানেল। নবম-দশমের শিক্ষক নিয়োগে জটিলতা তৈরি হওয়ায় আগের চাকরিতে ফিরে যাওয়ার অধিকার দাবি করেছিলেন মোট ২০ জন শিক্ষক-শিক্ষিকা। তবে এসএসসি জানায়, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় তাদের পুনর্নিয়োগ সম্ভব নয়। অবশেষে হাই কোর্ট (High Court) এই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়।

আরও পড়ুন:chromosome: পুরুষ লুপ্ত হয়ে যাবে? ওয়াই ক্রোমোজোম হারানোর নেপথ্যের চাঞ্চল্যকর বৈজ্ঞানিক বিশ্লেষণ

মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আবেদনকারীদের অবিলম্বে উচ্চ-প্রাথমিক স্তরে যোগদানের সুযোগ দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ—এই বিষয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশিকা (Supreme Court) রয়েছে, যা উপেক্ষা করা যায় না। ফলে কমিশনের সিদ্ধান্ত আদালতের নজরে টেকেনি। মামলাকারীদের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরীর বক্তব্য অনুযায়ী, প্রথমে এই ২০ জন প্রার্থী উচ্চ-প্রাথমিক শিক্ষক পদের জন্য নিয়োগপত্র পেয়েছিলেন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায়। কিন্তু পরবর্তীতে তারা ২০১৬ সালের এসএসসির মাধ্যমে Class IX-X Teacher নিয়োগে সফল হন। ফলে আগের নিয়োগপত্র গ্রহণ করেননি। কিন্তু পরে ২০১৬ সালের প্যানেলকে “সাংবিধানিক ত্রুটিযুক্ত” বলে বাতিল ঘোষণা করে কমিশন। এখান থেকেই শুরু হয় অন্য জটিলতা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্যানেল বাতিল হওয়ার পর পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করেন শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু কমিশনের দাবি—৯০ দিনের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই পুরনো নিয়োগে ফেরা যাবে না। যদিও মামলাকারীদের দাবি, এর আগেই বিচারপতি সৌগত ভট্টাচার্য কমিশনকে আবেদনগুলি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিলেন, যা কমিশন মানেনি। কমিশনের যুক্তি ছিল, একবার মেয়াদ উত্তীর্ণ হলে নতুন করে চাকরির অনুমোদন দেওয়া যাবে না। এই অবস্থানকে চ্যালেঞ্জ করে শিক্ষকরা ফের হাই কোর্টে যান। শেষ পর্যন্ত আদালতের রায়ে স্বস্তি পেলেন আবেদনকারীরা। বিচারপতি সিনহার নির্দেশ—এসএসসি-র উচিত অবিলম্বে তাদের উচ্চ-প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় যোগদান নিশ্চিত করা।