নিউজ পোল ব্যুরো: দুই বছর পর বিধানসভা নির্বাচন হলেও রাজনৈতিক অঙ্গনে এখন থেকেই সম্ভাব্য আসন ও প্রার্থী নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিশেষত বিরোধী শিবিরে কে কোন কেন্দ্র থেকে লড়তে পারেন, তা নিয়ে নেতাদের বক্তব্যে যেন আগাম ভোটযুদ্ধের রূপরেখা আঁকা হচ্ছে। এর মাঝেই সবচেয়ে আলোচিত রাজনৈতিক টানাপড়েন দেখা দিয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মধ্যে।
আরও পড়ুন: RG Kar Case: আরজি কর মামলায় নাটকীয় মোড়, অভিযোগকারী আখতার আলির বিরুদ্ধেই CBI-এর চার্জশিট
সাম্প্রতিক এক মন্তব্যে সুকান্ত দাবি করেন, অভিষেক (Abhishek Banerjee) নাকি উপমুখ্যমন্ত্রী হতে চান এবং সেই লক্ষ্যে নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবেই তিনি লড়তে পারেন। এই মন্তব্যেই শুরু হয় বিতর্কের নতুন পর্ব। সোমবার মহেশতলায় ‘সেবাশ্রয়–২’ পরিষেবার উদ্বোধনে গিয়ে সেই মন্তব্যের জবাব দিতে কোনও রাখঢাক রাখলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক সাফ জানিয়ে দেন, তিনি ব্যক্তিগতভাবে কোথা থেকে লড়বেন তা নির্ধারণের অধিকার নিজের নয় এটা পুরোপুরি দলের সিদ্ধান্ত। তাঁর কথায়, “দল যদি বলে নন্দীগ্রাম থেকে দাঁড়াতে, দাঁড়াব। আবার দল চাইলে দার্জিলিংয়েও প্রার্থী হতে রাজি আছি। তৃণমূলের একজন নিবেদিত কর্মী হিসেবে দল যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব। এগুলো আমাদের দলের অভ্যন্তরীণ বিষয় তা আমরা সামলাবো।”
২০১৪ সাল থেকে পরপর তিনবার ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে বিপুল ভোটে জিতেছেন অভিষেক। সেখানে তার জনপ্রিয়তা এবং এলাকাবাসীর সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করেছে। কোভিড পর্বে তাঁর উদ্যোগে গড়ে ওঠা ডায়মন্ড হারবার স্বাস্থ্য মডেলও যথেষ্ট সাড়া ফেলে। সেই পথ অনুসরণ করেই স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করতে শুরু হয়েছিল ‘সেবাশ্রয়’ প্রকল্প। তারই নতুন অধ্যায় ‘সেবাশ্রয়–২’র সূচনাতেই তিনি এই জবাব দেন। অন্যদিকে, অভিষেকের বক্তব্যে পালটা কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত মজুমদার। তাঁর মন্তব্য, “অভিষেক যা বলেন, তা কতটা বিশ্বাসযোগ্য সেটা সময়ই বলবে। দেখা যাক, শেষে কী ঘটে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
