নিউজ পোল ব্যুরো: অবশেষে সাড়ে তিন বছর পর মুক্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় দীর্ঘ আইনি লড়াই, জটিল শর্ত, আদালতের নির্দেশ ও তদন্ত সংস্থার বাধা পেরিয়ে মঙ্গলবার তিনি ফিরলেন নাকতলার বাড়িতে। হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বাড়ি ফেরা এই মুহূর্ত যেন রাজনৈতিক মহলে নতুন আলোড়ন তুলেছে।
২০২২ সালের জুলাই মাস রাজ্যের রাজনীতি তখন তোলপাড়। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে ইডির তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে। তার পরেই গ্রেপ্তার হন দু’জনেই। রাজ্যের ক্ষমতাসীন দলের অন্যতম মুখ, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) প্রেসিডেন্সি জেলে বন্দি হন। শুরু হয় দীর্ঘ কারাবাস, অসুস্থতা ও বারবার জামিনের আবেদন।
দীর্ঘ তিন বছর পর সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে ইডির মামলায় জামিন পেলেও, সিবিআইয়ের মামলার গাঁটছড়া খুলতে দেরি হয়। কোর্টের শর্ত ছিল স্পষ্ট—সিবিআইয়ের তিনটি মামলায় চার্জ গঠন সম্পন্ন করতে হবে এবং অন্তত আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলেই মুক্তির পথ খুলবে। শেষ পর্যন্ত গত সোমবার সেই অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়, আর তার পরই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা মুক্তির আবেদন জানান। আদালত সম্মতি দেয়, প্রেসিডেন্সি জেল ও হাসপাতালে পাঠানো হয় রিলিজ অর্ডার।
চিকিৎসকদের সবুজ সংকেত মিলতেই মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন পার্থ। চোখে জল, মুখে নীরবতা, কিন্তু রাজনীতি বুঝে নেয় এই নীরবতার মধ্যেও লুকিয়ে আছে ভবিষ্যতের অনেক বার্তা। নাকতলার বাড়ির সামনে তখন ভিড় অনুরাগীদের। হাতে পোস্টার,“বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়কেই চাই।”
তবে এই প্রত্যাবর্তন কেবল এক প্রাক্তন মন্ত্রীর মুক্তি নয়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা। তৃণমূলের ভেতরে তার অবস্থান এখন কোথায়, বা রাজনীতিতে তার ভূমিকা কী হবে সেই প্রশ্নই এখন ঘুরছে রাজ্য রাজনীতির অন্দরে। তিন বছর তিন মাসের কারাবাস শেষে পার্থ চট্টোপাধ্যায়ের ফেরা শুধু আইনি জয়ের প্রতীক নয়, এক সময়ের ক্ষমতাধর নেতার পুনরুত্থানের আভাসও বটে। রাজনীতি অপেক্ষায় এই ‘নীরব প্রত্যাবর্তন’-এর পর পার্থ চট্টোপাধ্যায় কোন পথে হাঁটবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
