Cyber Crime: ট্রাফিক চালানের নামে সাইবার ফাঁদ, সতর্কবার্তা বিধান নগর পুলিশের

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: বিধান নগর পুলিশ (BidhanNagar Police) সম্প্রতি এক গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করে মানুষকে ফেক ট্রাফিক (Cyber Crime) চালান প্রতারণা সম্পর্কে সতর্ক করল। উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়া, ডিসি বিধান নগর অনিস সরকার এবং ডিসি ডিডি কুলদীপ সোনাওয়ানে।ডিসি বিধান নগর অনিস সরকার জানান, ইদানীং নতুন ধরনের এক প্রতারণা চক্র সক্রিয় হয়েছে। কিছু প্রতারক নাগরিকদের কাছে ট্রাফিক ভায়োলেশনের নামে ভুয়ো চালান পাঠাচ্ছে। এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বার্তা ছড়ানো হচ্ছে, যেখানে গাড়ির নম্বর এবং একটি নকল চালান নম্বর দেখিয়ে জানানো হচ্ছে যে নির্দিষ্ট ভায়োলেশনের জন্য ফাইন দিতে হবে।

আরও পড়ুন : Nandan : নন্দনের চার দশক: উদ্বোধনী দিনে সত্যজিৎ-মৃণাল, প্রিমিয়ার ঋত্বিকের কোন ছবি?

পাশাপাশি একটি ভুয়ো অ্যাপ (Cyber Crime) ডাউনলোড করার নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে সহজে টাকা জমা দেওয়া যায়। কিন্তু আসলে এগুলো সম্পূর্ণ ভুয়ো চালান এবং এর মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। সেই অ্যাপ ডাউনলোড করলেই মোবাইলের তথ্য প্রতারকদের হাতে চলে যেতে পারে।ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়া আরও জানান, আসল ট্রাফিক চালান সবসময় সরকারি চ্যানেলের মাধ্যমে জারি হয়। সেটি এসএমএস বা হোয়াটসঅ্যাপে পাঠানো হয় না। সরকারি ওয়েবসাইটে ভিজিট করেই চালান যাচাই করা যায় এবং নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ের মাধ্যমেই টাকা জমা দিতে হয়। তাই ফেক ও আসল চালান চিহ্নিত করা অত্যন্ত জরুরি।

ডিসি ডিডি কুলদীপ সোনাওয়ানে জানান, এই ঘটনায় ইতিমধ্যেই একটি অভিযোগের ভিত্তিতে ১০৪/২৫ নম্বর কেস রুজু হয়েছে। সংশ্লিষ্ট ভুয়ো অ্যাপ উদ্ধার করে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে, যাতে অ্যাপটির ডেভেলপার, ব্যবহার করা আইপি অ্যাড্রেস ও সংশ্লিষ্ট ওয়েবসাইট চিহ্নিত করা যায়। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের অ্যাপ ইনস্টল করলে প্রতারকরা সরাসরি মোবাইল অ্যাক্সেস নিয়ে নেয় এবং একের পর এক টাকা কেটে নেয়ার আশঙ্কা থাকে। তাই এমন অ্যাপ ইনস্টল করা একেবারেই উচিত নয়। কেউ ভুলবশত ডাউনলোড করলে অবিলম্বে ফোন অফলাইনে নিয়ে গিয়ে অ্যাপ আনইনস্টল ও রিসেট করতে হবে।তিনি আরও জানান, কেউ যদি প্রতারণার শিকার হন তবে অবিলম্বে ১৯৩০ নম্বরে ফোন করে অথবা সরকারি সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানাতে হবে।

নিকটবর্তী থানাতেও অভিযোগ দাখিল করা যেতে পারে। এখনো পর্যন্ত বড় কোনো আর্থিক ক্ষতির খবর মেলেনি, তবে উৎসবের সময়ে এমন প্রতারণার ঘটনা বাড়তে পারে। বিধান নগর পুলিশ (BidhanNagar Police) স্পষ্ট জানিয়েছে—সরকার কখনোই হোয়াটসঅ্যাপ, ফোন কল বা অ্যাপের মাধ্যমে ট্রাফিক চালান পাঠায় না। কেবলমাত্র সরকারি ওয়েবসাইট যাচাই করেই নাগরিকদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole