Kolkata Metro : আদালতের নির্দেশে চালু হলেও বন্ধ রাতের মেট্রো, প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ

কলকাতা প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: কলকাতায় মেট্রো(Kolkata Metro) রেল পরিষেবা ঘিরে ফের অসন্তোষ। দীর্ঘদিন ধরে শ্লথ গতি, বারবার পরিষেবা ব্যাহত হওয়া, রেকের অভাব সব মিলিয়ে নিত্যযাত্রীদের অভিযোগ বেড়েই চলেছে। এর মাঝেই ব্লু লাইনে(Blue Line) বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। আর সেই সিদ্ধান্তেই বিপাকে পড়তে চলেছেন বহু অফিসযাত্রী।

আরও পড়ুন:Nandan : নন্দনের চার দশক: উদ্বোধনী দিনে সত্যজিৎ-মৃণাল, প্রিমিয়ার ঋত্বিকের কোন ছবি?

৩ সেপ্টেম্বর থেকে শহিদ ক্ষুদিরাম থেকে রাত ১০টা ৪০ মিনিটে দমদমগামী(Dumdum)যে বিশেষ মেট্রো(Metro)চলত, সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ক্ষুদিরাম থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪৩ মিনিটে এবং দমদম পৌঁছবে রাত ১০টা ২৯-এ।

অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন মিলবে রাত ৯টা ২৮ মিনিটে, যা ক্ষুদিরামে পৌঁছবে রাত ১০টা ২৫ মিনিটে। অর্থাৎ, রাতের বাড়তি মেট্রোর সুবিধা আর থাকছে না।গত বছর কলকাতা হাইকোর্টে(Kolkata High Court )একটি জনস্বার্থ মামলা হয়, যেখানে শেষ মেট্রোর সময় বাড়ানোর দাবি ওঠে। আদালতও মনে করেছিল, এতে সাধারণ মানুষের সুবিধা হবে। এরপরই বিশেষ মেট্রোর ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু এক বছরের মধ্যেই তা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ দানা বাঁধছে। যাত্রীদের অভিযোগ, এত রাতে বাড়ি ফেরার বিকল্প ব্যবস্থা সবার জন্য সমান কার্যকর নয়।

কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত বিকল্প পরিবহণ থাকায় বিশেষ মেট্রোর আর প্রয়োজন নেই। তবে অনেকেই মনে করছেন, আসল সমস্যা রেক ও চালকের ঘাটতিই। উপরন্তু নতুন মেট্রো রুট চালু হওয়ার পর থেকেই ব্লু লাইনে বারবার সমস্যার অভিযোগ শোনা যাচ্ছে। কবি সুভাষ স্টেশন রক্ষণাবেক্ষণের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় শহিদ ক্ষুদিরামই আপাতত প্রান্তিক স্টেশন।