নেওটিয়া-শুভেন্দু বৈঠকে বাংলায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা! বাংলার মাটিতে আসছে একাধিক মেগা প্রকল্প

breakingnews প্রযুক্তি রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বাংলায় শিল্প ও বিনিয়োগের ছবি বদলের দাবির মধ্যেই সামনে এল একের পর এক বড় কর্পোরেট পরিকল্পনা। অম্বুজা নেওটিয়া গোষ্ঠী আগামী কয়েক বছরে পশ্চিমবঙ্গে ১৫,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। ২০২৫ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সংস্থার নিজস্ব প্রকাশনাতেও পাঁচ বছরের বিনিয়োগ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

এই পরিকল্পনার বড় অংশ জুড়ে রয়েছে স্বাস্থ্য পরিষেবা, হসপিটালিটি এবং রিয়েল এস্টেট বা নগর উন্নয়ন। সংস্থার ঘোষণায় পাঁচটি নতুন হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা বলা হয়েছিল। পাশাপাশি আবাসন ও বাণিজ্যিক পরিকাঠামো এবং বড় টাউনশিপ প্রকল্পেও বিনিয়োগের রূপরেখা রয়েছে। এর মধ্যে ৬,৫০০ কোটি টাকা রিয়েল এস্টেটের একাধিক প্রকল্পে এবং প্রায় ৫,০০০ কোটি টাকা গল্ফ-থিমের টাউনশিপে বিনিয়োগের পরিকল্পনার কথা প্রকাশ্যে এসেছে।

অন্যদিকে, বিনিয়োগের তালিকায় এবার নতুন করে নজরে রিলায়েন্সও। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের উচ্চপদস্থ প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে বাংলায় শিল্প ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে সরকারি সূত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। বিদ্যুৎ, পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা-সহ একাধিক ক্ষেত্রে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, রিলায়েন্সের তরফে তথ্যপ্রযুক্তি, পরিবহন, চলচ্চিত্র শিল্প এবং পরিকাঠামো ক্ষেত্রেও আগ্রহ দেখানো হয়েছে। এর আগে ২১ সেপ্টেম্বর মুম্বইয়ে রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ অম্বানীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই আলোচনার পরই নবান্নে রিলায়েন্সের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠককে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।