নিউজপোল ব্যুরো, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় রাত নামলেই আতঙ্কের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বসিরহাট পৌরসভার ১ নম্বর ও ২৩ নম্বর ওয়ার্ডে মোটরবাইকে করে কয়েকজন যুবকের ঘোরাফেরা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গণস্বাক্ষর সংগ্রহ করে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা।
অভিযোগকারীদের দাবি, একসময় অভিযুক্তদের কয়েকজন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাঁরা বিজেপির ঘনিষ্ঠ হয়ে এলাকায় দাপট দেখানোর চেষ্টা করছেন বলে অভিযোগ। মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন বাসিন্দারা।
আরও দেখুন:-দুর্যোগে নেপালের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত, জরুরি সহায়তায় ভারত
স্থানীয় সুভাষ বোস ও অঞ্জনা রজকের অভিযোগ, নৃপেন সরকার-সহ কয়েকজনের বিরুদ্ধে তাঁরা থানায় অভিযোগ জানিয়েছেন। তাঁদের দাবি, ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না।
যদিও যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
