কলকাতায় কি আবার আছড়ে পড়বে ভারী বৃষ্টি? মেঘে ঢাকা আকাশ আর আর্দ্রতার অস্বস্তির মাঝেই জারি নতুন সতর্কতা!

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: শুক্রবার বৃষ্টির দাপট কিছুটা কমেছিল শহর কলকাতায়। কিন্তু সেই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হচ্ছে না। শনিবার ফের আকাশে মেঘের ঘনঘটা। শহর থেকে জেলা—দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কাও থাকছে।

৫ সেপ্টেম্বর কলকাতার আকাশ দিনের বেশিরভাগ সময়ই মেঘলা থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার খুব বড় পরিবর্তন না হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের ছবিও খুব একটা বদলাচ্ছে না। প্রায় সব জেলাতেই ছড়িয়ে-ছিটিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে।

উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির দাপট। সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও দক্ষিণ দিনাজপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাহাড় থেকে সমতল—বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে শনিবার ছাতা ছাড়া বেরনো যে ফের ঝুঁকির, তা বলাই যায়।