জামাইষষ্ঠীর আগেই ভিজবে কলকাতা! পাতে ইলিশের সঙ্গে ছাতা রাখার পরামর্শ, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির বড় সতর্কতা

আবহাওয়া

নিউজপোল ব্যুরো: জামাইষষ্ঠীর আগে বাঙালির প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই আবহাওয়া দফতরের বড় বার্তা! বাজারে মাছ-মাংস, মিষ্টি আর জামাই আপ্যায়নের ব্যস্ততার মাঝেই হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় ভিজে যেতে পারে গোটা কলকাতা। তাই এ বার জামাইষষ্ঠীর থালার পাশে ছাতাও রাখতে হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিতে নাজেহাল ছিল দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া দফতরের মতে, রবিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই এই পরিবর্তন বলে জানানো হয়েছে। জামাইষষ্ঠীর কেনাকাটা বা বাইরে ঘোরার পরিকল্পনা থাকলে আগেভাগেই আবহাওয়ার খবর জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, উৎসবের আনন্দে যেন হঠাৎ বৃষ্টির দাপট বাধা হয়ে না দাঁড়ায়। ইলিশ, মিষ্টি আর নতুন জামার সঙ্গে এ বার ছাতা আর রেনকোট ও কি হবে জামাইষষ্ঠীর নতুন সঙ্গী? নাকি বৃষ্টিভেজা আবহেই জমে উঠবে বাঙালির প্রিয় উৎসব?