নিউজপোল ব্যুরো: বুধবার বারুইপুরের ধপধপি হাই স্কুলে মিড ডে মিলের রান্নাঘরের পরিবেশ এবং শৌচালয়ের বেহাল পরিকাঠামো-সহ একাধিক পরিষেবা নিয়ে ক্ষোভে সরব হন অভিভাবক ও পড়ুয়ারা। তাঁদের দাবি রান্নার জায়গায় প্রায়ই আরশোলা ও টিকটিকি দেখা যায়। এমনকী রান্না করা খাবারের মধ্যেও পোকামাকড় পাওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের খাবারের মান ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
একইসঙ্গে স্কুলের শৌচালয়ের বেহাল দশা নিয়েও সরব হন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, কয়েকটি শৌচালয়ে দরজা নেই। কোথাও আবার জলের কল নষ্ট হয়ে রয়েছে। শৌচালয় অপরিষ্কার থাকায় ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও দাবি করা হয়েছে। বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে দরজা না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
বিক্ষোভকারীদের দাবি, এই সমস্যাগুলি নিয়ে আগেও স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু তাঁদের অভিযোগ, দীর্ঘদিনেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এদিন পড়ুয়াদের একাংশও বিক্ষোভে সামিল হয়ে নিজেদের সমস্যার কথা জানায়। শিক্ষকদের একাংশও পরিস্থিতি নিয়ে সরব হন বলে জানা গিয়েছে।
এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে স্কুলে পৌঁছায় সূর্যপুর ক্যাম্পের পুলিশ। অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক ডঃ কল্যাণ পান্ডে বলেন, “আজই এমন অভিযোগ পেলাম। মিড ডে মিল অস্বাস্থ্যকর পরিবেশে হয় না। আর শৌচালয় খারাপ—এই বিষয়টি দেখব।”
