নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। এর মধ্যেই বিসর্জন ঘিরে বড় বদলের সিদ্ধান্ত সামনে এসেছে। কলকাতা পুরসভার প্রস্তুতি বৈঠকে ঠিক হয়েছে, এবার প্রতিমা বিসর্জনের সময় সাত পাক ঘোরানোর ক্ষেত্রে ক্রেন ব্যবহার করা হবে না। পরিবর্তে বড় প্রতিমাগুলিকে ট্রলির উপর বসিয়ে ট্রলিসমেত সাত পাক ঘোরানো হবে।
জানা গিয়েছে, ছোট প্রতিমাগুলি বিসর্জন-সহকারীদের হাতেই সাত পাক ঘোরানো হবে। তবে বড় প্রতিমা হাতে টেনে ঘোরানো কঠিন হওয়ায় লরি, ট্রাক বা ট্রেলার থেকে নামিয়ে ট্রলির উপর বসানো হবে। আবর্তন শেষ হলে ট্রলি সরাসরি ঘাটের জলের কিনারা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এরপর দড়ির সাহায্যে প্রতিমার ভারসাম্য বজায় রেখে নিরঞ্জন করা হবে। প্রতিমা জলে পড়ার পর দড়ি খুলে নেওয়া হবে।
পুরসভা সূত্রে খবর, বাজা কদমতলা ও নিমতলা ঘাটে ব্রেক-সহ নতুন আটটি ট্রলি রাখা হবে। বিসর্জনের পর কাঠামো জল থেকে তুলতে অবশ্য ক্রেন ও জেসিবি ব্যবহার করা হবে। নিরাপত্তার জন্য ঘাটে ডুবুরি, ড্রোন ও সিসিটিভির ব্যবস্থাও রাখা হবে।
