Heavy Rainfall: রেহাই নেই বৃষ্টি থেকে, ফের বৃষ্টি তোলপাড় করবে উত্তর থেকে দক্ষিণ

আবহাওয়া জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। যার জেরেই ফের বৃষ্টিতে (Heavy Rainfall) ভাসছে বাংলা। উত্তরবঙ্গে বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী ১৩ আগস্ট নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল লাগোয়া এলাকায় ফের একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল এলাকায়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ১৩ আগস্ট পর্যন্ত রাজ্যের সমস্ত জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। বাংলাদেশ ও অসমের উপরে সক্রিয় হয়েছে একটি জোড়া ঘূর্ণাবর্ত। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতার আকাশে ঘনিয়েছে দুর্যোগের কালো মেঘ। চলছে বৃষ্টি। সপ্তাহ শেষেও রেখাই মিলবে না বৃষ্টি থেকে। শনিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় হতে পারে ভারী বৃষ্টি। সেই সঙ্গেই সমুদ্র উত্তাল থাকার কথা জানানো হয়েছে। সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আজ শনিবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির(Heavy Rainfall) সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায়। তিস্তা তোর্সা, জলঢাকা সহ পাহাড়ি নদিগুলির জলস্তর বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত দুই বাংলাতেই কমবেশি বৃষ্টি চলবে। সেই সঙ্গেই দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে। তবে আদ্রতা জনিত সমস্যা এবং মাঝে তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিছুটা বৃদ্ধি পেতে পারে।